২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত

মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ব্ল্যাকে মোরে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। শক্তিশালী মাদকচক্রের বিরুদ্ধে লড়াইরত দেশটির সরকারের জন্য মোরের এই আকস্মিক মৃত্যু বড় ধরনের আঘাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 06:06 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

মেক্সিকো সিটি, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ব্ল্যাকে মোরে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। শক্তিশালী মাদকচক্রের বিরুদ্ধে লড়াইরত দেশটির সরকারের জন্য মোরের এই আকস্মিক মৃত্যু বড় ধরনের আঘাত। রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণে পার্বত্য অঞ্চলে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে মোরেসহ হেলিকপ্টারের সাত আরোহীও নিহত হয়েছে। পার্শ্ববর্তী মোরেলস রাজ্যে আইন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হতে যাচ্ছিলেন মোরে। প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরন জানিয়েছেন, সম্ভবত বিরূপ আবহাওয়ার জন্যই এ দুর্ঘটনা ঘটেছে। ৪৫ বছর বয়সী ব্ল্যাকে মোরে গত বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। মাদকচক্রের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। প্রাথমিকভাবে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। ওই সময় আকাশে ভারী মেঘ ছিল। সরকারের মুখপাত্র আলেজান্দ্রা সোটা বলেন, "দুর্ভাগ্যবশতঃ স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সহকারী এবং হেলিকপ্টারের আরোহী সবাইকে মৃত অবস্থায় পাওয়া গেছে।" ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিপ জামোরা ক্যাস্ট্রো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান গণযোগাযোগ কর্মকর্তা হোসে আলফ্রেডো গার্সিয়া ম্যাদিনাও এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ছাড়া আরো বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও বিমান বাহিনীর সদস্যও এতে নিহত হয়েছেন বলে আলেজান্দ্রা সোটা জানান। টেলিভিশনে স¤প্রচারিত ভিডিওচিত্রে দেখা গেছে, পাহাড়ের পাদদেশে হেলিকপ্টারটির ভগ্নাবশেষ পড়ে রয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট কাল্ডেরন। তিনি হাওয়াই দ্বীপে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন (এপেক) এর শীর্ষ সম্মেলনে যাওয়া বাতিল করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন বলে মার্কিন সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৪ ঘ.