২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পাপাদেমোস

গ্রিসের নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার লুকাস পাপাদেমোস শপথ নিয়েছেন। এদিন নতুন এ সরকারের অন্যান্য মন্ত্রীদেরও শপথ পাঠ করানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 06:07 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

এথেন্স, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসের নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার লুকাস পাপাদেমোস শপথ নিয়েছেন। এদিন নতুন এ সরকারের অন্যান্য মন্ত্রীদেরও শপথ পাঠ করানো হয়। ইউরোপীয় ইউনিয়নের চাপে গত সোমবার পদ ছেড়ে নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপা›দ্রু। নতুন সরকারেও পাপা›দ্রুর সোস্যালিস্ট পার্টির কয়েকজন গুরুত্বপূর্ণ পদে আছেন। অর্থমন্ত্রী হিসেবে ইভানগেলোস ভেনিজেলোস তার পদে পুনর্বহাল হয়েছেন। প্রধান বিরোধী দল নিউ ডেমোক্র্যাসি পার্টির পক্ষ থেকে নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন স্ট্যাভ্রোস দিমাস। তিনি এক সময় ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ বিষয়ক কমিশনারের দায়িত্ব পালন করেন। আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নিউ ডেমোক্র্যাসি দলের সদস্য ও এথেন্সের সাবেক মেয়র দিমিত্রিস আভ্রামোপুলোস। নতুন অবকাঠামোমন্ত্রী মাকিস ভোরিদিসসহ বেশ কয়েকজন মন্ত্রী হয়েছেন ন্যাশনালিস্ট লাওস পার্টির পক্ষ থেকে। অর্থ সঙ্কটে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা গ্রিসের 'ঐকমত্যের সরকার'র প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার প্রেসিডেন্টের দপ্তর থেকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান লুকাস পাপাদেমোসের নাম ঘোষণা করা হয়। 'সঙ্কটকালীন সরকারের' প্রধান হিসেবে দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নে গ্রিসের সদস্যপদ টিকিয়ে রাখার ক্ষেত্রেও পরীক্ষায় বসতে হবে লুকাস পাপাদেমোসকে। ২০১২ সালের ফেব্র"য়ারিতে দেশটিতে পরবর্তী নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছর গ্রিসের সরকারি বন্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে গিয়ে দেউলিয়া হওয়ার উপক্রম হয় দেশটির সরকারের। ওই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে মোটা অংকের ঋণ নিয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হলেও বিপুল পরিমাণ সরকারি ঋণ আর বেকারত্বের কারণে ইউরোপের এই দেশটিতে রাজনৈতিক অসন্তোষ দিন দিন বাড়তে থাকে। ফলে এক বছরের মাথায় ইউরোপীয় ইউনিয়নের কাছে দ্বিতীয় দফা ১৩০ বিলিয়ন ইউরো ঋণ চাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের কঠোর ব্যয় সঙ্কোচনের শর্তের মুখে পড়তে হয় গ্রিস সরকারকে। এই শর্ত মেনে ঋণ নেওয়া হবে কি না তা ঠিক করতে গণভোটের প্রস্তাব দেন পাপা›দ্রু। কিন্তু এ নিয়ে নিজের দলেও তোপের মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হতে হয় তাকে। গত শনিবার আস্থা ভোটে কোনোক্রমে উৎরে গেলেও ইউরোপীয় ইউনিয়ন পাপা›দ্রুকে সাফ জানিয়ে দেয়, ঋণ পেতে হলে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় এসে ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়ে স্পষ্ট ঘোষণা দিতে হবে তাকে। এই পরিপ্রেক্ষিতে রোববার গভীর রাতে প্রধান বিরোধী দলীয় নেতা এন্টনিস সামারিসের সঙ্গে পাপা›দ্রুর সমঝোতা বৈঠকের পর প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, গ্রিসে ঐক্যমত্যের সরকার হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৫৭ ঘ.