২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী রাশিয়া

পরমাণু কর্মসূচির মাধ্যমে ইরান পরমাণু অস্ত্র তৈরির 'চেষ্টা করতে পারে' বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে আশঙ্কা করা হলেও দেশটির ওপর নতুন করে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিরোধী রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 06:29 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরমাণু কর্মসূচির মাধ্যমে ইরান পরমাণু অস্ত্র তৈরির 'চেষ্টা করতে পারে' বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে আশঙ্কা করা হলেও দেশটির ওপর নতুন করে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিরোধী রাশিয়া। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী গেন্নাডি গাটিলোভের উদ্ধৃতি দিয়ে বুধবার বিবিসি জানিয়েছে, "ইরানের বিরুদ্ধে আর কোনো নিষেধাজ্ঞা সেখানে সরকার পাল্টানোর উপায় হিসেবে দেখবে আন্তর্জাতিক সম্প্রদায়।" "এ ধরনের চেষ্টা আমাদের কাছে অগ্রহণযোগ্য এবং এ ধরনের কোনো প্রস্তাবের ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে বিবেচনা করা হবে না।" এর আগে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র বলেছে, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদনের প্রেক্ষিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করবে তারা। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে ইরান। কিন্তু এ অভিযোগ নাকচ করে ইরান বলে আসছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাদের পরমাণু কর্মসূচি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, পরমাণু বোমার নকশা নিয়ে কাজ করছে ইরান। এ সংক্রান্ত গোপন গবেষণাও চালিয়ে যাচ্ছে দেশটি। সদস্য রাষ্ট্র ও অন্যান্য উৎস থেকে পাওয়া 'বিশ্বাসযোগ্য' তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছে আইএইএ। মঙ্গলবার আইএইএ'র গভর্নরদের বোর্ড মিটিংয়ের আগে প্রকাশিতব্য প্রতিবেদনটি দেখার সুযোগ পায় রয়টার্স। প্রতিবেদনে পরমাণু বোমার 'ট্রিগার 'তৈরি'সহ বিভিন্ন তৎপরতার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০০২৫ ঘ.