২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারের কাছে হারলেন আলীর চির প্রতিদ্বন্দ্বী ফ্রেজিয়ার

যকৃতের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ার। কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর সঙ্গে তিন-তিনটি ঐতিহাসিক লড়াইয়ের সুবাদে 'অমরত্ব' পাওয়া এই মুষ্টিযোদ্ধার বয়স হয়েছিল ৬৭ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যকৃতের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ার। কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর সঙ্গে তিন-তিনটি ঐতিহাসিক লড়াইয়ের সুবাদে 'অমরত্ব' পাওয়া এই মুষ্টিযোদ্ধার বয়স হয়েছিল ৬৭ বছর। ফ্রেজিয়ারের ম্যানেজার লেসলি উলফ জানান, ক্যান্সারের কারণে এক মাস ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার মারা যান আলীকে হারানো প্রথম মুষ্টিযোদ্ধা 'স্মোকিং জো' ফ্রেজিয়ার। ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে স্বর্ণপদক জেতেন ফ্রেজিয়ার। ভিয়েতনাম যুদ্ধে যেতে রাজি না হওয়ায় আলী ১৯৬৭ সালে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব হারানোর পর ১৯৭০ সালে নিউ ইয়র্কে জিমি এলিসকে নক আউট করে ফ্রেজিয়ার হন নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। তবে তিনি সবচেয়ে আলোচিত হন মোহাম্মদ আলীর সঙ্গে ১৯৭০ এর দশকে তিনটি 'ঐতিহাসিক' লড়াইয়ের জন্য। বক্সিংয়ে প্রত্যাবর্তনের পর আলী ১৯৭১ সালের ৮ মার্চ নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মুখোমুখি হন ফ্রেজিয়ারের। 'দ্য ফাইট অব দ্য সেঞ্চুরি' নামে পরিচিতি পাওয়া সেই লড়াইয়ের ১৫তম রাউন্ডে আলীকে হারিয়ে দেন ফ্রেজিয়ার। তবে ১৯৭৩ সালে তিনি খেতাব হারান জর্জ ফোরম্যানের কাছে। ১৯৭৪ সালের ২৮ জানুয়ারি ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই বদলা নেন মোহাম্মদ আলী। পরে ফোরম্যানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফিরে পান তিনি। ১৯৭৫ সালে 'দ্য থ্রিলা ইন ম্যানিলা' নামে পরিচিত এক লড়াইয়ে ফ্রেজিয়ারকে হারিয়ে শিরোপা অক্ষুণœ রাখেন আলী। তাদের এ লড়াই বিংশ শতাব্দির সবচেয়ে উল্লেখযোগ্য ক্রীড়া ইভেন্ট হিসেবে বিবেচিত হয়। ১৯৭৬ সালে আবার ফোরম্যানের কাছে হারার পর অবসর নেন ফ্রেজিয়ার। ১৯৮১ সালে অবসর ভেঙে ফিরে আসলেও একবার লড়াইয়ে নেমেই চিরদিনের মতো বক্সিং রিং ছাড়েন 'জো'। ১২ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ফ্রেজিয়ারের জন্ম ১৯৪৪ সালে সাউথ ক্যারোলিনায়। ছোটবেলায় চাচা তাকে বলেছিলেন, তিনি হবেন এর পরের জো লুইস, যিনি ১৯৩০ ও ১৯৪০ এর দশকে কৃষ্ণাঙ্গ হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে বিখ্যাত হয়েছিলেন। ফ্রেজিয়ার তার বক্সিং ক্যারিয়ারে কেবল আলী ও ফোরম্যানের কাছেই হেরেছেন। ফ্রেজিয়ার মারা যাওয়ার আগে তার অসুস্থতার খবরে রোববার আলী বলেন, "জো'র এই খবর বিশ্বাস করা কঠিন, আরও কঠিন মেনে নেওয়াটা।" বক্সিং পরবর্তী জীবনেও মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন মোহাম্মদ আলী। কিন্তু তার চির প্রতিদ্বন্দ্বী ফ্রেজিয়ারের কথা খুব বেশি মনে রাখেনি মানুষ। এক পর্যায়ে প্রায় সব টাকা-পয়সা খুইয়ে ফিলাডেলফিয়ায় একটি জিমনেশিয়ামে মুষ্টিযুদ্ধের প্রশিক্ষক হিসেবে কাজ নেন। সেই জিমনেশিয়ামেরই ওপরের একটি অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন। ফ্রেজিয়ারের বড় ছেলে মারভিসও মুষ্টিযোদ্ধা ছিলেন। হেভিওয়েট চ্যাম্পিয়ন ল্যারি হোমস ও মাইক টাইসনের সঙ্গে লড়াইয়ে হেরে যান তিনি। আর মেয়ে জ্যাকুলিন ফ্রেজিয়ার ২০০১ সালে মেয়েদের বক্সিংয়ে মুখোমুখি হন আলীর মেয়ে লায়লার সঙ্গে। এ লড়াইয়ে জিততে পারেননি ফ্রেইজার তনয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/জেকে/১৪২০ ঘ.