২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের মৃত্যু: চিকিৎসক দোষী সাব্যস্ত

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তার চিকিৎসক কনরাড মারে। 'অনিচ্ছাকৃত হত্যার' দায়ে তার চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 03:54 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

লস এঞ্জেলেস, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তার চিকিৎসক কনরাড মারে। 'অনিচ্ছাকৃত হত্যার' দায়ে তার চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ছয় সপ্তাহ শুনানি চলার পর যুুক্তরাষ্ট্রের লস অঞ্জেলেসের আদালত সোমবার এই রায় দেয়। ১২ সদস্যের জুরি বোর্ড সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে কনরাডকে। ২৯ নভেম্বর তার সাজা ঘোষণা করা হবে। রায়ের পর ডা. কনরাড মারেকে (৫৮) যখন হাতকড়া পড়িয়ে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছিল, বাইরে অপেক্ষমান জ্যাকসনভক্তরা তখন উল্লাসে ফেটে পড়েন। কেউ কেউ আবেগে কেঁদেও ফেলেন। রায় ঘোষণার সময় তা টেলিভিশনে সরাসরি স¤প্রচার করা হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন জ্যাকসনের পরিবারের সদস্যরাও। জ্যাকসের মা ক্যাথরিন জ্যাকসন পরে সাংবাদিকদের বলেন, "আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।" ভাই জারমেইন বলেন, "ন্যায় বিচার হয়েছে। আর মাইকেল আমাদের সঙ্গেই রয়েছে।" জ্যাকসনভক্ত ডানা ব্রেঙ্কলিন বলেন, "এই রায়ে সে হয়তো ফিরে আসবে না, তবে দুবছর ধরে আমি মাইকেলের সুবিচারের আশায় ছিলাম, এবং আমরা তা পেয়েছি।" তবে এই রায়ে হতাশা প্রকাশ করেছেন ডা. কনরাড মারের আইনজীবী জে মাইকেল ফ্ল্যানাগান। ২০০৯ সালের ২৫ জুন লস এঞ্জেলেসের বাড়িতে পঞ্চাশ বছর বয়সে মারা যান বহু জনপ্রিয় অ্যলবামের স্রষ্টা পপ তারকা মাইকেল জ্যাকসন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা বিশ্বে। পরে তদন্তে দেখা যায়, চিকিৎসার সময় অতিমাত্রায় চেতনাশক প্রোপোফল শরীরে প্রবেশ করার কারণেই মারা যান জ্যাকসন। ব্যক্তিগত চিকিৎসক হিসাবে ডা. কনরাডই এই শিল্পীর দেখভাল করে আসছিলেন। জ্যাকসনের মৃত্যুর দুই বছর পর বিচার শুরু হয় চিকিৎসক কনরাডের। জ্যাকসনের পরিবারের পক্ষে আইনজীবীরা অভিযোগ করেন, কনরাড অতিমাত্রায় প্রোপোফল দেওয়ার কারণেই জ্যাকসন মারা গেছেন। অসুস্থ জ্যাকসনের জন্য সঠিক ব্যবস্থা নিতেও ব্যর্থ হয়েছেন তিনি। তবে কনরাড মারে দাবি করেন, জ্যাকসন বিভিন্ন ধরনের বেদনানাশক ওষুধে আসক্ত ছিলেন। তিনি নিজেই কোনোভাবে প্রোপোফল নিয়েছিলেন। আর সেই সময়টায় কনরাড ঘরে ছিলেন না। সোমবার রায় ঘোষণার পর কনরাডকে ২৯ নভেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেয় আদালত। এই সময়ে তিনি জামিন পাবেন না। ওই দিনই জানা যাবে, 'অনিচ্ছাকৃত হত্যার' দায়ে কত বছর সাজা খাটতে হবে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/০৯৩৫