ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি এ পৃথিবীতে আর না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার জেলহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, "গাদ্দাফি নাই বলে আমি অত্যন্ত খুশি। যারা জাতির পিতা বঙ্গবন্ধু, আমার পিতা (সৈয়দ নজরুল ইসলাম), নাসিম ভাইয়ের (মোহাম্মদ নাসিম) পিতার (এম মনসুর আলী) খুনীদের আশ্রয় দিয়েছেন তারা আমাদের সুহৃদ হতে পারে না।"
১৯৭৫ সালের ১৫ অগাস্ট এক সেনা বিদ্রোহে ধানমন্ডির ৩২ নম্বরের বাসায় বঙ্গবন্ধুকে হত্যার পর ৩ অক্টোবর কারাবন্দি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়।
তখন বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকারী সেনা কর্মকর্তাদের লিবিয়ায় আশ্রয় দেন গাদ্দাফি।
গাদ্দাফি নিজেও ১৯৬৯ সালে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে লিবিয়ার ক্ষমতা দখল করেন।
গত ফেব্র"য়ারিতে গাদ্দাফির পতনের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় এক পর্যায়ে সেখানে ন্যাটোর বিমান হামলা হয়। লিবীয় বিদ্রোহী বাহিনী ও ন্যাটোর হামলার মুখে গত ২৩ অগাস্ট লিবিয়ার রাজধানী ত্রিপোলি ছেড়ে পালান লৌহমানব খ্যাত এ স্বৈরশাসক।
গত ২০ অক্টোবর নিজ জন্মশহর সির্তেই বিদ্রোহী বাহিনীর গুলিতে নিহত হন তিনি।
গাদ্দাফির স্বৈরশাসনের সময় লিবিয়ায় গণহত্যা এবং বঙ্গবন্ধুর খুনীদের তার আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে কোনো প্রতিবেদন প্রকাশ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির ছেলে সৈয়দ আশরাফ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত ওই আলোচনা সভায় আশরাফ বলেন, "ওই খুনীদের ব্যাংকক থেকে লিবিয়ায় নিয়ে যেতে শমশের মবিন চৌধুরীকে নির্দেশ দেন জিয়াউর রহমান।"
"গাদ্দাফি ভূমধ্যসাগরের পাড়ে বিশাল অট্টালিকায় তাদের থাকতে দেন। এই গাদ্দাফি আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সহায়তা করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/পিডি/২১৫১ ঘ.
bdnews24