২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে জঙ্গি দমনের আহ্বান আফগানিস্তানের

পাকিস্তানকে জঙ্গিদমনে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আফগানিস্তান। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পাক-আফগান বৈঠকে আফগানিস্তান এ আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ইস্তাম্বুল, ০২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানকে জঙ্গিদমনে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আফগানিস্তান। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পাক-আফগান বৈঠকে আফগানিস্তান এ আহ্বান জানিয়েছে। প্রতিবেশি এই দুটি রাষ্ট্রই ইসলামি জঙ্গিদের হুমকির মুখে রয়েছে। আফগানিস্তানের প্রধান শান্তি আলোচক সেপ্টেম্বরে নিহত হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো প্রতিবেশী দেশ দু'টি আলোচনায় বসল। আফগান যুদ্ধ বন্ধে প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশে এ বৈঠকের আয়োজন করেছে তুরস্ক। বৈঠকে অংশ নিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল। তিন দেশের প্রেসিডেন্ট পর্যায়ের এ আলোচনার ফাঁকে আফগান সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছে পাকিস্তানের সেনা প্রধান আশফাক কায়ানি। ইস্তাম্বুলে বৈঠকের ফাঁকে আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী জায়েদ লুদিন সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তান কয়েক বছর ধরেই পারস্পরিক আস্থা অর্জনের চেষ্টা করছে। তিনি বলেন, "কিন্তু আমরা তেমন কোন ফলাফল দেখিনি।" এ বৈঠক দু'দেশের মধ্যকার অনাস্থা কমিয়ে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করছে তুরস্ক। দু'পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। এছাড়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তালেবান ও জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ককে সহায়তা করছে বলে আফগান কর্মকর্তারা অভিযোগ করে আসছে। তুরস্কের এক কর্মকর্তা জানান, আঞ্চলিক সম্পর্কের অবনতি হচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, "এখন বিষয়টি পরিবর্তনের সময় এসেছে।" বৈঠক শুরুর আগে ওই কর্মকর্তা বলেন, "তারা প্রকৃতই একে অপরের সঙ্গে আলোচনায় আগ্রহী বলে মনে করছি আমরা। কেননা পরিস্থিতি কারো জন্যই সহায়ক নয় তা তারা অনুধাবন করতে পেরেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩৫৪ ঘ.