লসএঞ্জেলস, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রাইসকে বিয়ের মাত্র ৭২ দিনের মাথায় মার্কিন মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন।
রিয়েলিটি শো 'কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান' অনুষ্ঠানের সঞ্চালক ৩১ বছর বয়স্ক কিম সোমবার লসএঞ্জেলস এর উচ্চ আদালতে বিয়ে বিচ্ছেদের আবেদন করেন।
জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল এই বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল মন্তব্য করে এ প্রসঙ্গে কিম বলেন, "অনেক ভেবেচিন্তেই আমি আমার বিবাহিত জীবনের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি সবাই বুঝতে পারবে এটি কোন সহজ সিদ্ধান্ত নয়। আমি ভেবেছিলাম এই বিয়ে সারাজীবনের জন্য, কিন্তু মাঝে মাঝে আমাদের পরিকল্পনা অনুযায়ী অনেক কিছু ঘটে না'।
আদালতের নথিতে কিম তাদের বিয়ের আগের এবং পরের জুয়েলারিসহ বিভিন্ন জিনিসপত্র এবং বিয়ের আগে এবং পরে তাদের উপার্জিত সম্পদকে পৃথক হিসেবে গণ্য করার অনুরোধ করেছেন। এক্ষেত্রে তাদের বিয়ের আগে একটি চুক্তি রয়েছে বলেও নথিতে উল্লেখ করা হয়েছে।
কার্দিশিয়ান এবং হামফ্রাইস ৯ মাসের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ২০ অগাস্ট ক্যালিফোর্নিয়ায় ১০মিলিয়ন ডলার ব্যয়ে এক জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গাঁটছড়া বাঁধেন। এ মাসের শুরুতে ৩০ লাখেরও বেশি অমেরিকান তাদের বিয়ের এই বিশেষ অনুষ্ঠান টেলিভিশনে দুই পর্বে 'কিম'স ফেইরিটেল ওয়েডিং: এ কার্দিশিয়ান ইভেন্ট' উপভোগ করেছে।
কিন্তু তাদের সম্পর্কে চিড় ধরেছে এ বিষয়টি গত সপ্তাহে বিনোদন মাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।
কিছু পত্রিকা থেকে জানা যায়, ২৬ বছর বয়স্ক ক্রিস নিউ জার্সির বাস্কেটবল খেলোয়াড়। তিনি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতেই ভালবাসেন। কিন্তু কিম তা চায় না। এসব নিয়েই সদ্য বিবাহিত এ দম্পতির মধ্যে মত পার্থক্য শুরু হয়।
কার্দিশিয়ানের এটি দ্বিতীয় বিয়ে বিচ্ছেদ। ২০০৪ সালে তার প্রথম স্বামী সংগীত শিল্পী ডেমন থমাসের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়।
এই সময়ের মধ্যে তিনি অনেকের সাথেই প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন। এদের মধ্যে আর অ্যান্ড বি গায়ক রে-জে এবং আমেরিকার ফুটবল খেলোয়াড় র্যাগি বুশও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৪৫৫ ঘ.
bdnews24