২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরাফাতের স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বেন আলির স্ত্রীর দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের স্ত্রী সুহা আরাফাতের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 04:39 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

তিউনিস, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের অবিসংবাদিত প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের স্ত্রী সুহা আরাফাতের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। দেশটির ক্ষমতাচ্যুত পলাতক প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলির স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণের অংশ হিসেবে সুহার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয় বলে সোমবার তিউনিসিয়ার আইন মন্ত্রণালয় জানিয়েছে। সুহা তার জীবনের একটি বড় সময় তিউনিসিয়ায় অতিবাহিত করেছেন। বেন আলির স্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে গণআন্দোলন শুরু হলে বেন আলি সপরিবারে সৌদি আরবে পালিয়ে যান। তিউনিসিয়ার আইন মন্ত্রণালয়ের মুখপাত্র শোকরি নাফতি বলেন, "বেন আলির স্ত্রী লায়লা ত্রাবেলসির দুর্নীতির সাথে মিসেস আরাফাতও জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ কারণে তার বিরুদ্ধেপরোয়ানা জারি করা হয়েছে।" বর্তমানে মাল্টায় অবস্থানরত মিসেস আরাফাত বলেন, তিনি এখনো পর্যন্ত কোনো নোটিশ পাননি। বেন আলির পরিবারের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বিস্ময় প্রকাশ করে সুহা বলেন, তিনি নিজেও তিউনিসিয়ার সাবেক সরকারের নির্যাতনের শিকার। টাইমস অব মাল্টা ডটকম নামের একটি ওয়েবসাইটে সুহা বলেন, "এখনো পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমি ভীষণ মর্মহত। আমি নিজেই তিউনিসিয়ার সাবেক একনায়কের নির্যাতনের শিকার। আর এখন কি না আমাকেই অভিযুক্ত করা হচ্ছে।" গত শতকের ৮০ দশকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)'র সদরদপ্তর স্থাপন করা হয় তিউনিসিয়ার রাজধানী তিউনিসে। ওই সময়েই আরাফাত পরিবারের সঙ্গে তিউনিসিয়ার সখ্যতা হয়। '৯০ এর দশকের প্রথম পর্যায় পর্যন্ত সেখানেই ছিল সংগঠনটির সদরদপ্তর। ২০০৪ সালে ফিলিস্তিনের নেতা আরাফাতের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী সুহা তিউনিসিয়ার পাসপোর্ট পান এবং তাকে প্রায়ই বেন আলির স্ত্রী লায়লা ত্রাবেলসির সঙ্গে দেখা যেতো। বলা হয়, লায়লা ছিলেন তিউনিসিয়ার অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক। লায়লার সাথে বনিবনা না হওয়ায় ২০০৭ সালে সুহা তিউনিসিয়ার জাতীয়তা ত্যাগ করেন। বর্তমানে তিনি মাল্টায় বসবাস করছেন। তিউনিসিয়ায় সুহা আরাফাতের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার মধ্যে লায়লা ত্রাবেলসি প্রতিষ্ঠিত কার্থেজ ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে দুর্নীতিতে সহযোগিতার বিষয়টিও রয়েছে। সুহার দাবি, ২০০৭ সালেই তিনি ওই স্কুলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন। ওই স্কুলের অংশিদারিত্ব তিনি লায়লার পরিবারের সদস্য আসমা মাহজুবের কাছে বিক্রি করে দেন। এর প্রমাণও তার কাছে রয়েছে। লায়লা ত্রাবেলসির বিরুদ্ধে তিউনিসিয়ায় বেশকিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। লায়লার দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে ইতোমধ্যে বেশ কয়েকজনের সাজাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩১ ঘ.