আম্মান, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সাতমাসের অস্থিরতা অবসানে দেশটির কর্মকর্তাদের কাছে একটি পরিকল্পনা পেশ করেছে আরবলীগ। ওদিকে, বিরোধীদের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
রোববার রাশিয়ান একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আসাদ বলেন, বিরোধী সব রাজনৈতিক শক্তির সঙ্গে সহযোগিতা করবে তার সরকার। এর মধ্যে সিরিয়ায় আন্দোলন শুরুর আগের বিরোধী রাজনৈতিক দলগুলোসহ অস্থিরতা চলকালীন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দলও থাকবে।
সরকার বিরোধী শক্তির সঙ্গে সহযোগিতা করাকে তিনি 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করেন।
আরবলীগ কমিটি এরই মধ্যে অস্থিরতা অবসানে রোববার কাতারে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালেম ও আসাদের রাজনৈতিক উপদেষ্টা বৌথাইনা শাবানের কাছে একটি পরিকল্পনা পেশ করেছে। কায়রোতে বিরোধী দলগুলোর সঙ্গে সিরিয়া সরকারের আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব করা হয়েছে পরিকল্পনায়।
এর আগেও সিরিয়া সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর এরকম একটি আলোচনা শুরুর জন্য দুসপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল আরবলীগ। রোববার ওই সময়সীমা পার হয়ে গেলেও কোন আলোচনা হয়নি।
আরবলীগ কমিটি জানিয়েছে, তারা আশা করছে সোমবারের মধ্যে সিরিয়া তাদের প্রস্তাবে সাড়া দেবে।
আরবলীগ কমিটির বর্তমান সভাপতি কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি সাংবাদিকদের বলেন, "সা¤প্রতিক হত্যাকান্ডগুলোর বিষয়ে কমিটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিরোধী পক্ষগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠানের কথা হচ্ছে।"
তবে কায়রোয় আলোচনা অনুষ্ঠানের বিষয়ে সিরিয়া সরকারের আপত্তি আছে। তারা বলছে, সিরিয়ার অস্থিরতা পুরোপুরি তাদের অভ্যন্তরীন বিষয়। তাই এ বিষয়ে আলোচনা অনুষ্ঠান সিরিয়ার বাইরে করার ব্যাপারে তারা আপত্তি তুলেছে।
এই একটি বিষয়েই আরবলীগের প্রস্তাবের সাথে দ্বিমত করছে সিরিয়া।
গত সাতমাস ধরে সিরিয়ার আসাদ সরকার বিরোধী আন্দোলন রুখতে সরকারী বাহিনীর দমনপীড়নে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৬ঘ.
bdnews24