২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫২৩

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে রোববারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫২৩ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৬শ' ৫০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 11:19 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ইস্তাম্বুল, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে রোববারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫২৩ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৬শ' ৫০। উদ্ধার করা হয়েছে ১৮৫ জনকে। দুর্যোগ মোকাবেলা ও জরুরি ব্যবস্থাপনা প্রশাসন বৃহস্পতিবার একথা জানিয়েছে। ধ্বসে পড়া ভবনের নিচে এখনো আটকা পড়ে আছে বহু মানুষ। কিন্তু বৃষ্টি এবং তুষারের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। কিছু কিছু জায়গায় এখনো জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে অন্যান্য জায়গায় জীবিতদের সন্ধানকাজ বন্ধ করে ভূমিকম্পে বেঁচে যাওয়া অসহায় মানুষদের প্রয়োজন মেটানোর দিকে নজর দেওয়া হচ্ছে। ভূমিকম্প বিধ্বস্ত এরসিস শহরে লোকজন লম্বা লাইনে দাঁড়িয়ে তাঁবু সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে। বরফ পড়তে থাকায় ঠান্ডা থেকে বাঁচতে লোকজন তাঁবুর জন্য ভিড় করছে। সময়মতো ত্রাণ সহায়তা না পেলে ১৫ দিন পর অর্ধেক মানুষই ঠান্ডায় জমে মারা যাবে বলে জানিয়েছেন গুভেনস্লি গ্রামের এক অধিবাসী। রোববার গ্রিনিচ মান সময় ১০টা ৪১ মিনিটে ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশে হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৭ দশমিক ২। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর আগে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ বলে জানালেও কান্দিল্লি ইনস্টিটিউট পরে নিশ্চিত করে যে, এই মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ইরান সীমান্তবর্তী তুর্কি শহর ভ্যান থেকে ২০ কিলোমিটার উত্তরে তাবানলি গ্রামে। কান্দিল্লি অবজারভেটরি ইন্সটিটিউটের জেনারেল ম্যানেজার মুস্তফা রোববার এক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৫ঘ.