তেহরান, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আহমাদিনেজাদ ইরানের শেষ প্রেসিডেন্ট? ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের কথা বলায় এমনটিই মনে করছেন ইরানিদের কেউ কেউ।
খামেনি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনের পরিবর্তে পার্লামেন্টের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনের পরামর্শ দেওয়ায় এ পদের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
গত সপ্তাহে আয়তুল্লাহ আলি খামেনি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে কথা বলেন।
তিনি বলেন, সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্টর বদলে পার্লামেন্টের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও 'কোন সমস্যা' হবে না।
তার এ ঘোষণার পরপরই আহামাদিনেজদের উচ্চাকাঙ্খা নিয়ে শঙ্কিত বিরোধীরা প্রস্তাবটিকে স্বাগত জানায়।
খামেনির এ ঘোষণাকে 'নীতিনির্ধারক পরিকল্পনা নয় বরং প্রাতিষ্ঠানিক' বলে বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট আহামাদিনেজাদ।
কিন্তু দেশটির ধর্মীয় নেতা, রাজনীতিক ও বিশ্লেষকরা খামেনির প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তারা আশঙ্কা করছেন এ ঘোষণার ফলে ২০১৩ সালে প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াই নতুন প্রেসিডেন্ট নির্ধারিত হবে। বর্তমান প্রেসিডেন্ট আহামাদিনেজাদের মেয়াদ আগামী ২০১৩ সালে শেষ হবে।
এ রকম হলে ইরানি গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রজাতান্ত্রিক রাষ্ট্রের বদলে ইসলামিক রাষ্ট্র হয়ে উঠবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
ইরানের দৈনিক ইতেমাদ জেষ্ঠ্য ধর্মীয় নেতা মোহাম্মদ রেজা আব্বাসি ফার্দ এর উদ্ধৃতি দিয়ে জানায়, জনসম্মুখে খামেনির এ ঘোষণার পেছনে নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ কারণ আছে।
প্রখ্যাত ধর্মীয় শিক্ষক মোহসেন গারাভানি আহামাদিনেজাদকে 'ইরানের জনগণের ভোটে নির্বাচিত শেষ প্রেসিডেন্ট' বলে মন্তব্য করেন।
২০০৯ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল আহমাদিনেজাদকে বিজয়ী ঘোষণা করা হলে দেশ জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েক মাস স্থায়ী এ বিক্ষোভ কঠোর হাতে দমন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮১০ঘ.
bdnews24