ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের উত্তরাঞ্চলে জ্বালানিবাহী একটি ট্যাঙ্কারে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
দেশটির পারওয়ান প্রদেশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বিবিসি জানায়।
জ্বালানিবাহী ওই ট্যাঙ্কারটি ছিদ্র হয়ে তেল ঝরতে থাকলে তা সংগ্রহের জন্য অনেক মানুষ সেখানে জড়ো হয়। কিছুক্ষণ পর ট্যাঙ্কারটিতে পেতে রাখা বোমার আঘাতে ট্যাঙ্কারটিও প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে বলে প্রাদেশিক গভর্নর কার্যালয়ের একজন মুখপাত্র জানান।
পারওয়ানের গভর্নর বাশির সালাঙ্গি জানান, এটি একটি "সন্ত্রাসী হামলা"। তিনি আরো বলেন, সন্দেহভাজন সন্ত্রাসীদের লক্ষ্য ছিল বাঘরাম বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়া।
মঙ্গলবার আফগান সময় রাত সাড়ে ৭ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩৫ ঘ.
bdnews24