২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বশেষ বি-৫৩ পরমাণু বোমা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

স্নায়ু যুদ্ধের সময় অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে পুরোনো, শক্তিশালী ও সর্বশেষ বি-৫৩ পরমাণু বোমা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 04:57 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

স্যান অ্যান্টোনিও, টেক্সাস, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্নায়ু যুদ্ধের সময় অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে পুরোনো, শক্তিশালী ও সর্বশেষ বি-৫৩ পরমাণু বোমা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। টেক্সাসের আমারিলোর বাইরে পারমাণবিক অস্ত্র গুদামে মঙ্গলবার এটি ধ্বংস করা হয়। বি-৫৩ নামে পরিচিত এ বোমাটির আকার একটি মিনিভ্যানের সমান ও ওজন প্রায় ১০ হাজার পাউন্ড। প্রেসিডেন্ট বারাক ওবামার পরমাণু নিরাপত্তা নীতির অংশ হিসেবে এটি করা হয়েছে। ডিপার্টমেন্ট অব এনার্জি'স ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের জনস্বার্থ বিষয়ক পরিচালক জোশুহা ম্যাককোনাহা বলেন, "আমেরিকার অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে বড় বোমাগুলোর মধ্যে এটি অন্যতম।" তিনি জানান, ১৯৬২ সালে স্নায়ু যুদ্ধের সময় তৈরি করা বোমাটির প্রকৃত ক্ষমতা এখনও গোপন রয়েছে। তবে ১৯৪৫ সালে হিরোশিমায় যে পরমাণু বোমা ফেলা হয়েছিলো এটি তার চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী বলে মনে করা হয়। 'দ্য লাস্ট অব দ্য বিগ ডগস' নামে পরমাণু অস্ত্র ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছিল ১৪ বছর আগে। ম্যাককোনাহা বলেন, "সক্রিয় বা নিষ্ক্রিয় অবস্থায় থাকা অস্ত্র ধ্বংসের মাধ্যমে এটি শুরু হয়। এর আগেও বেশ কয়েকটি বি-৫৩ নষ্ট করা হয়েছিল। তবে এরপরও মার্কিন অস্ত্রভাণ্ডারে এ ধরনের বেশ কয়েকটি বোমা ছিল।" এ ধরনের মোট কয়টি বোমা ছিলো ও এর মধ্যে কয়টি নষ্ট করা হয়েছে তা গোপন থাকলেও মঙ্গলবার সর্বশেষ বোমাই যে ধ্বংস করা হয়েছে তা তিনি নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৪৫ ঘ.