ওয়াশিংটন, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হর্ন অব আফ্রিকা হিসেবে পরিচিত খরা আক্রান্ত ও যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর জন্য খাদ্য সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ কথা জানান।
হিলারি বলেন, "ইথিওপিয়া, কেনিয়া ও সোমালিয়ার খরা আক্রান্ত এলাকার জন্য প্রাথমিকভাবে ১শ' মিলিয়ন ডলারের খাদ্য সহায়তার ঘোষণা দিতে পেরে আমি খুশি।"
হিলারি আরো বলেন, "খাদ্য ও মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রায় ৬৫০ মিলিয়ন ডলারের সাহায্য ইতোমধ্যেই দিয়েছে। এর সঙ্গে বাড়তি আরো ১শ' মিলিয়ন ডলার দেওয়া হবে।"
জাতিসংঘের হিসেব অনুযায়ী, সোমালিয়াতে প্রায় ৩৬ লাখ মানুষ এবং ইথিওপিয়া ও কেনিয়াসহ হর্ন অব আফ্রিকা অঞ্চলের প্রায় ১ কোটি ২ লাখ মানুষ ক্ষুধার ঝুঁকিতে রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, এই মার্কিনি সহায়তা আগামী বছর আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে ত্রাণ কর্মীদের সহায়তা করবে।
হিলারি বলেন, "কয়েক হাজার মানুষ ইতোমধ্যেই মারা গেছে। এদের অধিকাংশই শিশু। বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ দুর্ভিক্ষের মতো অবস্থায় রয়েছে। আর এতে করে অবশ্যই শরণার্থীর সংকট সৃষ্টি হয়।"
"আর সোমালিয়াতে আমরা আল শাবাবেব মুখোমুখি হচ্ছি। তারা ত্রাণ কর্মীদেরকে সেখানে পৌঁছতে দিচ্ছে না", বলেন তিনি।
আল কায়েদার সহযোগী এ সংগঠনটি ২০০৭ সাল থেকে সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫১৫ ঘ.
bdnews24