তিউনিস, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে ইসলামিক দল এনাদাহ পার্টি নিজেদের বিজয় দাবি করেছে। জাতীয় পরিষদ ও অর্ন্তর্বতী সরকার গঠনের লক্ষ্যে রোববার দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
তবে সরকারিভাবে মঙ্গলবার নির্বাচনী ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
ভোটগ্রহণের পর বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এনাদাহ পার্টি এই জয় দাবি করেছে।
রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত দলটির প্রধান কার্যালয়ের বাইরে প্রচারণা ব্যবস্থাপক আব্দেল হামিদ লাজি বলেন, "প্রথম ফলাফল থেকে দেখা গেছে যে নিশ্চিতভাবে এনাদাহ প্রথম অবস্থানে রয়েছে।"
তার এ ঘোষণার পর রাস্তায় জড়ো হওয়া ৩শ'রও বেশি লোক 'আল্লাহু আকবার' বলে চিৎকার দিয়ে ওঠে। অনেকে আবার দেশটির জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে।
তিউনিসিয়া ও অন্যান্য এলাকায় ইসলামিক দলগুলোর উত্থানকে অনেকে আধুনিকতা, উদার মনোভাবের জন্য হুমকি মনে করলেও দলের কর্মকর্তারা জানান, তারা ধর্ম নিরপেক্ষ দুটি দল- কংগ্রেস ফর দ্য রিপাবলিক ও এত্তাকাটোলের সঙ্গে জোট তৈরির জন্য প্রস্তুত রয়েছে।
হামিদ লাজি আরো বলেন, "স্থায়ী একটি রাজনৈতিক জোট তৈরির কোনো উদ্যোগ আমরা বাদ দেব না। এটা আমরা বিনিয়োগকারী ও আন্তর্জাতিক অর্থনৈতিক অংশীদারদেরকে আবারো নিশ্চিত করছি।"
ভোট গ্রহণ পদ্ধতি এমন ছিলো যার ফলে একক কোনো দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হবে না। আর এটাই এনাদাহকে অন্য দুটি দলের সঙ্গে জোট গড়ার ভাবনায় বাধ্য করছে।
নতুন সংবিধানের খসড়া তৈরির জন্য একটি পরিষদ নির্ধারণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদ এক বছর কাজ করবে। নির্বাচনের মাধ্যমে অর্ন্তর্বতীকালীন সরকার ও তাদের নতুন প্রেসিডেন্টও নির্বাচন করা হবে যারা পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতায় থাকবে।
আগামী বছরের শেষ নাগাদ বা ২০১৩ সালের শুরুর দিকে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
দারিদ্র্য ও সরকারের দমনের বিরুদ্ধে মোহাম্মাদ বোয়াজিজি নামের এক সবজি বিক্রেতা নিজের শরীরে আগুন লাগিয়ে দেওয়ার পর তিউনিসিয়াই 'আরব বসন্ত'র জন্মস্থানে পরিণত হয়।
গত ডিসেম্বর মাসে তার আত্মহত্যার পরই দেশব্যাপী আন্দোলন শুরু হয় যার ফলে প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলি সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হন।
তিউনিসিয়ার এ আন্দোলন পরবর্তীতে মিশর, লিবিয়া, ইয়েমেন ও সিরিয়ায় ছড়িয়ে পড়ে। এক কথায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যায়।
এনাদাহর নেতৃত্বে রয়েছেন রাচিড ঘানোচি। বেন আলির শাসনামলে পুলিশের হয়রানির শিকার হয়ে তিনি ব্রিটেনে চলে যেতে বাধ্য হন। সেখানে তিনি ২২ বছর ছিলেন।
এদিকে এনাদাহ পার্টির অনিয়ম তদন্তের দাবিতে নির্বাচন কমিশনের বাইরে প্রায় ৫০ জন লোক জড়ো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০২ ঘ.
bdnews24