২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অকুপাই সিডনি' আন্দোলন পণ্ড

'অকুপাই অওয়াল স্ট্রিট' আন্দোলনের অনুপ্রেরণায় 'অকুপাই সিডনি' আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশে চড়াও হয়ে আন্দোলন ছত্রভঙ্গ করে দিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

সিডনি, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'অকুপাই অওয়াল স্ট্রিট' আন্দোলনের অনুপ্রেরণায় 'অকুপাই সিডনি' আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশে চড়াও হয়ে আন্দোলন ছত্রভঙ্গ করে দিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। রোববার ভোরে সিডনির 'মার্টিন প্লেস' বাণিজ্যিক এলাকায় অবস্থানরত আন্দোলনকারীদের ওপর চড়াও হয় পুলিশ। গ্রেপ্তার করে কয়েক ডজন আন্দোলনকারীকে। 'সিডনি দখল করো' আন্দোলনকারীরা গত এক সপ্তাহ ধরে মার্টিন প্লেস বাণিজ্যিক এলাকায় বহুজাতিক কোম্পানীর লোভ ও অর্র্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিলো। আন্দোলনকারীদের একটি ছোট অংশ মার্টিন প্লেস চত্বরে রাতেও অবস্থান করে। তারা মোবাইল চার্জ করার জন্য সেখানে সৌর প্যানেলও স্থাপন করে। তবে তাদের শিবিরের অনেক প্রয়োজনীয় জিনিস পুলিশ আগেই জব্দ করে নেয়। দুইদিন আগে মেলবোর্নে একই ধরনের একটি আন্দোলনকারী দলের ওপর পুলিশ চড়াও হয়ে ছত্রভঙ্গ করেছে। নিউ সাউথ ওয়েলস'র পুলিশ জানায়, প্রায় ১শ' পুলিশ কর্মকর্তার চালানো এ অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃত কিছু আন্দোলনকারীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভকারীদের মুখপাত্র টিম ডেভিস ফ্রাঙ্ক জানান, ভোর ৫টায় পুলিশ যখন এ অভিযান শুরু করার সময় ওই স্থানে প্রায় ৭০ জন আন্দোলনকারী ছিলো, তাদের মধ্যে বেশ কয়েকজন গৃহহীন মানুষও ছিলো যারা আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, "আমি ঘুমিয়ে পড়েছিলাম। এসময় লোকজনের চিৎকার শুনতে পেলাম- আপনাদের ক্যামেরা বন্ধ করুন। এক পুলিশ মাইক্রোফোনে কিছু বলছিলো। তারা ১০ মিনিটের মধ্যে আমাদের জিনিসপত্র গুছিয়ে নিতে বলে।" পুলিশ জানায়, প্রতিবাদ জানানোর জন্য বিক্ষোভকারীদের সময় দেয়া হয়েছিলো। সে সময়সীমা পার হয়েছে। এরপর বারবার তাদেরকে স্থান ত্যাগের অনুরোধ জানানো হলেও তারা তা মানেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/১৫৪৯ঘ.