২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ বাঁধলে পাকিস্তানের পক্ষে থাকবো: কারজাই

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাঁধলে আফগানিস্তানের সমর্থন থাকবে ইসলামাবাদের দিকে- এ কথা বললেন হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 06:18 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ইসলামাবাদ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাঁধলে আফগানিস্তানের সমর্থন থাকবে ইসলামাবাদের দিকে- এ কথা বললেন হামিদ কারজাই। জঙ্গিবাদ দমন নিয়ে ওয়াশিংটন-ইসলামাবাদ টানাপোড়েনের মধ্যে শনিবার কারজাইয়ের এ বক্তব্য সম্বলিত একটি সাক্ষাৎকার প্রচার করেছে পাকিস্তানি টেলিভিশন জিও টিভি। তবে এ সাক্ষাৎকার কবে নেওয়া হয়েছে, তা বলা হয়নি। কারজাই বলেন, "আল্লাহ না করুক, এমন যদি হয় পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ লেগে গেলো, তবে আফগানিস্তান পাকিস্তানের পক্ষ নেবে।" "যদি পাকিস্তান আক্রমণের শিকার হয় এবং পাকিস্তানের মানুষ আফগানিস্তানের সাহায্য চায়, আফগানিস্তান তখন পাকিস্তানের পাশে দাঁড়াবে," বলেন তিনি। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পাক-আফগান সম্পর্ককে প্রভাবিত করবে না বলেও মনে করেন আফগান প্রেসিডেন্ট। জঙ্গিদের পৃষ্ঠপোষকতার জন্য পাকিস্তানকে দায়ী করে আসা কারজাইয়ের এ বক্তব্য অপ্রত্যাশিত বলে মনে করছেন বিশ্লেষকরা। আফগানিস্তানে সংঘটিত বেশ কিছু হামলা এমনকি কয়েকদিন আগে সাবেক আফগান প্রেসিডেন্ট বোরহানুদ্দিন রব্বানিকে হত্যার জন্য কাবুলের অভিযোগের আঙুল ছিলো পাকিস্তানের দিকে। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি মদদের অভিযোগ শুধু আফগানিস্তানেরই নয়, যুক্তরাষ্ট্র একই অভিযোগ করে আসছে। হিলারি ক্লিনটনের সফরের সাম্প্রতিক সফরের আগে থেকেই দুই দেশের মধ্যে আক্রমণাত্মক বক্তব্য চলে আসছিলো। একদিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ইসলামাবাদে গিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান জঙ্গি দমনে যথাযথ পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র সরাসরি সেনা অভিযানে নামবে। কিন্তু কারজাইয়ের এ বক্তব্য যুক্তরাষ্ট্রকে পুরো বিষয় নতুন করে ভাবতে বাধ্য করবে বলে বিশ্লেষকদের ধারণা। কারজাই পাকিস্তানের প্রতি আবেদন জানিয়ে বলেন, "ভাই, অনুগ্রহ করে এমন তৎপরতা বন্ধ করুন, যা আমাদের আঘাত করছে আর এখন আপনাদেরও আঘাত করতে শুরু করেছে। "আসুন আমরা ভিন্ন একটি আঙ্গিকে আমাদের সম্পর্কের বিকাশ ঘটাই, যার মাধ্যমে দুই ভ্রাতৃপ্রতীম রাষ্ট্র শান্তি ও সৌহার্দ্যমূলক পরিবেশের মধ্যে সুন্দর একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১২১২ ঘ.