ওয়াশিংটন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু, ওসামা বিন লাদেনকে হত্যা এবং ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণাকে যুক্তরাষ্ট্রের সাফল্যের স্মারক হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
সাপ্তাহিক রেডিও ও ইন্টারনেট ভাষণে শনিবার এসব ঘটনা উল্লেখ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নিজেকে শক্তিশালী নেতা বলেও দাবি করেন ওবামা।
তিনি বলেন, গাদ্দাফির মৃত্যু এবং এ বছরের শেষ নাগাদ ইরাক থেকে সব সৈন্য প্রত্যাহারের ঘোষণা "বিশ্বে আমেরিকার নেতৃত্ব আমরা কিভাবে পুনরায় প্রতিষ্ঠা করেছি তার শক্তিশালী স্মাারক।"
ওবামা বলেন, "লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু দেখিয়েছে লিবীয় জনগণকে রক্ষায় এবং স্বৈরশাসনের কবল থেকে তাদেরকে মুক্ত করতে আমাদের ভূমিকা সঠিক ছিলো।"
"ইরাকে যুদ্ধ শেষের জন্য আমরা যে কৌশল নিয়েছিলাম তা সফল হয়েছে।"
আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনর কথা উলে¬খ করে তিনি বলেন, আল- কায়েদার বিরুদ্ধে বিজয়ের পাশাপাশি ইরাক ও লিবিয়ার ক্ষেত্রে নেওয়া নীতি- 'সাফল্যের একটি বৃহৎ অধ্যায়ের অংশ'।
গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী 'ইউএস নেভি সিল' টিমের সদস্যদের এক অভিযানে নিহত হন ওসামা।
ভাষণে তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি জাতীয় ঋণের বোঝা কমিয়ে আনা সম্ভব হয়েছে বলেও দাবি করেন ওবামা।
২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে এ বিষয়গুলোকে সামনে নিয়ে আসার ইঙ্গিত দিলেন তিনি।
অবশ্য প্রতিপক্ষ শিবির ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারে ওবামার সিদ্ধান্তের সমালোচনা করেছে। শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারা বলছেন, এতে ইরাকের প্রতিবেশি রাষ্ট্র ইরান আরো 'দুঃসাহসী' হয়ে উঠতে পারে।
তাছাড়া 'আরব বসন্ত' গণবিক্ষোভে 'পেছন থেকে নেতৃত্ব' দিয়ে ওবামা আমেরিকার ভাবমূর্তি ক্ষুণœ করেছেন বলেও দাবি করছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/এএমটি/২১১৬ ঘ.
bdnews24