ব্যাংকক, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের মধ্যাঞ্চল থেকে বন্যার পানি নামতে থাকায় দক্ষিণাঞ্চলে অবস্থিত রাজধানী ব্যাংকক ভয়াবহ বন্যার ঝুঁকির মধ্যে পড়েছে। রাতদিনের পরিশ্রমে বাঁধ রক্ষা করে ও চুইয়ে আসা পানি অপসারণ করে শহরটিকে এখনো বন্যামুক্ত রাখা গেছে।
থাইল্যান্ডে বিচার মন্ত্রী ও সরকারের বন্যা সংকট কেন্দ্রের প্রধান প্রাচা প্রমনক স্থানীয় টেলিভিশন 'চ্যানেল থ্রি' কে জানান, রাজধানীর জনপ্রিয় পর্যটন এলাকা ও রাজপ্রাসাদের উত্তরদিকের সামসেন ও মাক্কাসান এলাকায় নগর কর্মকর্তারা সারারাত শহর রক্ষা বাঁধ দিয়ে চুইয়ে আসা পানি অপসারণে ব্যস্ত ছিলেন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "আমি ব্যাংককবাসীদের জন্য প্রচন্ড উদ্বিগ্ন বোধ করছি, কারণ যদি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই বা পানি পাম্প করার মেশিনগুলোর কোনটা নষ্ট হয়ে যায় আর আমরা যথাসময়ে পানি অপসারণ করতে না পারি, তাহলে আমাদের ব্যাংকক শহর ডুবে যাবে।"
তবে বৃহস্পতিবার সকালেও নগরীর পাশ দিয়ে বয়ে চলা নদীর পানি সামাল দেওয়ার মতো উচ্চতায় প্রবাহিত হচ্ছিলো বলে জানান তিনি। পানি আরো বৃদ্ধি পেলে শহর রক্ষা বাঁধ উপচে প্রবেশ করা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে ব্যাংকক।
নগরীর পানি সরবরাহ কর্তৃপক্ষ শহরে সরবরাহকৃত পানিকে এখনো নিরাপদ বলে ঘোষণা করেছে। তবে শঙ্কিত নগরবাসী বোতলজাত পানির ওপরই নির্ভর করছে।
চলতি বছরের জুলাই থেকে শুরু হওয়া গত অর্ধ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে এ পর্যন্ত অন্ততপক্ষে ৩২০ জন মানুষ মারা গেছে। উত্তরাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলসহ থাইল্যান্ডের এক তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৫ ঘ.
bdnews24