২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের সেনা প্রধানের হুঁশিয়ারি

উত্তর ওয়াজিরিস্তানে একতরফা কোনো সামরিক ব্যবস্থা নেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ১০ বার ভেবে দেখতে হবে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ইসলামাবাদ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর ওয়াজিরিস্তানে একতরফা কোনো সামরিক ব্যবস্থা নেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ১০ বার ভেবে দেখতে হবে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানি। পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির বৈঠকে তিনি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তানকে চাপ না দিয়ে যুক্তরাষ্ট্রের বরং আফগানিস্তানের স্থিতিশীলতার দিকে নজর দেওয়া উচিত। "উত্তর ওয়াজিরিস্তানের সীমান্ত অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে পুরোদস্তুর অভিযান চালানো হবে কিনা এবং কখন তা চালানো হবে সে সিদ্ধান্ত পাকিস্তান একাই নেবে", বলেন কায়ানি। সতর্ক করে দিয়ে তিনি বলেন, "যুক্তরাষ্ট্র একতরফাভাবে সেখানে কোনো ব্যবস্থা নিতে গেলে তাদেরকে আগে এ ব্যাপারে ১০ বার ভেবে দেখতে হবে। পাকিস্তান ইরাক কিংবা আফগানিস্তানের মতো নয়।" নাম প্রকাশ না করার শর্তে প্রতিরক্ষা কমিটির এক সদস্য কায়ানির উদ্ধৃতি দিয়ে বুধবার এসব কথা জানিয়েছেন। পাকিস্তানকে হাক্কানি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে কায়ানি প্রতিরক্ষা কমিটির এমপিদের সামনে এ ব্রিফিং দেন। তার পুরো বক্তব্যেই তুলে ধরেছেন কমিটির ওই সদস্য। রুদ্ধদ্বার এ বৈঠকে কায়ানি আরো বলেন, "আসল সমস্যা বিরাজ করছে আফগানিস্তানে, পাকিস্তানে নয়। কেউ যদি আমাকে বোঝাতে পারে যে, উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আমি কালই তা করবো।" "আর আমাদের সে ব্যবস্থা নেওয়া দরকার হলে তা আমরা করবো আমাদের পরিকল্পনা এবং সক্ষমতা অনুযায়ী।" পাকিস্তানের আফগান সীমান্ত অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকা আল কায়েদা ও তালেবান সংশ্লিষ্ট জঙ্গিদল হাক্কানি নেটওয়ার্কের ঘাঁটি বলে ধারণা করা হয়। আফগানিস্তানের মার্কিন দূতাবাসে হামলার ঘটনার জন্য যুক্তরাষ্ট্র হাক্কানি গ্র"পকে দায়ী করে আসছে এবং এর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জড়িত বলেও অভিযোগ করেছে। বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টায় ব্যর্থতা আড়াল করতেই যুক্তরাষ্ট্র পাকিস্তান এবং হাক্কানি নেটওয়ার্ক নিয়ে বেশি উচ্চবাচ্চ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২১ঘ.