২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়রোতে ঐক্য মিছিল, সেনাবাহিনীর প্রতি ক্ষোভ

সেনা হামলায় ২৫ জন খ্রিস্টান নিহত হওয়ার জের ধরে খ্রিস্টান-মুসলিম ঐক্য প্রদর্শন ও সেনাবহিনীর প্রতি ক্ষোভ প্রকাশের উদ্দেশ্যে মিশরের রাজধানী কায়রোতে কমপক্ষে ২ হাজার লোক মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

কায়রো, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনা হামলায় ২৫ জন খ্রিস্টান নিহত হওয়ার জের ধরে খ্রিস্টান-মুসলিম ঐক্য প্রদর্শন ও সেনাবহিনীর প্রতি ক্ষোভ প্রকাশের উদ্দেশ্যে মিশরের রাজধানী কায়রোতে কমপক্ষে ২ হাজার লোক মিছিল করেছে। শুক্রবারের ওই মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলো মুসলিম। ছিল কিছু খ্রিস্টান ধর্মাবলম্বীও। তারা কায়রোর আল আযহার মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল করে মিশরের সবচেয়ে বড় চার্চ অ্যাবাসিয়ার সামনে গিয়ে হাজির হয়। সেখান থেকে স্বাধীনতা চত্বরের (তাহরির স্কোয়ার) দিকে যায়। তারা মিশরের পতাকা হাতে নিয়ে 'এটি কোন সম্প্রদায়িক সংঘাত নয়, এটি সামরিক চক্রান্ত' বলে শ্লোগান দেয়। মিছিলকারীদের অনেকে মিনা দানিয়েলের ছবি ছাপা কালো টি-শার্ট পরে মিছিলে অংশ নেয়। তরুণ খ্রিস্টান গণতান্ত্রিক আন্দোলনকারী মিনা দানিয়েল সেনা হামলায় নিহত ২৫ জনের অন্যতম। "আমরা সবাই মিনা দানিয়েল," শ্লোগান দেয় তারা। "মুসলমানরা, তোমার খিস্টান সাথীদের যেয়ে বলো, আমরা সবাই এক নৌকার যাত্রী," "মুসলিম ও খ্রিস্টান, পরস্পরের হাত ধরো," বলে তারা। আসোয়ান প্রদেশে একটি চার্চের ওপর হামলার প্রতিবাদে কায়রোর রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের সামনে গত রোববার খ্রিস্টান ধর্মের অনুসারীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলো। সেসময় সেনাপুলিশের একটি সাঁজোয়া যান উপস্থিত লোকজনের ওপর দিয়ে চলে যায়। সেই সাথে চলে গুলিবর্ষণ। এতে ২৫ খ্রিস্টান প্রতিবাদকারী নিহত হয়। পরে প্রতিবাদকারী খ্রিস্টানদের সাথে মুসলিমরা এসে শামিল হয়ে সেনাপুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। ঘটনাটির মোড় ঘুরে জনতা-সেনা সংঘর্ষে পরিণত হয়। এরপর থেকে মিশরের খ্রিস্টান ও মুসলিম গণতান্ত্রিক আন্দোলনকারীরা সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছে। মিশরের আট কোটি জনসংখ্যার প্রায় ১০ শতাংশই খ্রিষ্টান। এদের একটি বড় অংশই 'কপটিক' খ্রিষ্টান, যারা স্থানীয়ভাবে 'কপ্ট' নামে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৫৩০ ঘ.