ওয়াশিংটন, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি রাষ্ট্রদূত হত্যা পরিকল্পনার বিষয়ে ইরানি কর্মকর্তাদের সাথে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে বলে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। এরআগে এ বিষয়টি অস্বীকার করে ইরান।
কিন্তু শুক্রবার মার্কিন পররাষ্ট্র বিভাগ জোর দিয়ে বলেছে, ওই ঘটনা নিয়ে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি কথা হয়েছে।
এ প্রসঙ্গে পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলেন, "আমি আবারো নিশ্চিত করছি, ইরানি কর্মকর্তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে।"
তিনি আরো বলেন, "তারা বিষয়টি ভালো করেই জানে"।
ইরানের জাতিসংঘের দূত আলিরেজা মিরইউসেফি ইরানের গণমাধ্যমকে জানান, দু'দেশের এ বিষয়ে সরাসরি কোনো যোগাযোগ হয় নি।
সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করে বলে খবর প্রকাশের পর তা অস্বীকার করে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরেনর পদক্ষেপ বিরলই বলা চলে।
ইরানের এলিট সিকিউরিটি ফোর্সের সঙ্গে সম্পৃৃক্ত দুই ব্যক্তি এ পরিকল্পনায় অংশ নেয় বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে। এ ধরনের কোনো পরিকল্পনায় অংশ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে ইরান।
এর পরিপ্রেক্ষিতে দ্রুত প্রতিক্রিয়া ব্যক্ত করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, "সবার দেখার মতো কিছু তথ্য রয়েছে।"
এদিকে মঙ্গলবার নিউ ইয়র্কের একটি আদালতে সৌদির রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
এদের একজন হলেন টেক্সাসে বসবাসরত ইরানের নাগরিক মনসুর আরবাবসিয়ার (৫৬)। পেশায় পুরোনো গাড়ির সেলসম্যান।
যুক্তরাষ্ট্র জানায়, রাষ্ট্রদূতকে হত্যার জন্য ডাউন পেমেন্ট হিসেবে মনসুরের নামে থাকা যুক্তরাষ্ট্রের এক ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ডলার দেওয়া হয়।
মঙ্গলবার মনসুরের বিরুদ্ধে অভিযোগ তোলার আনার পর মার্কিন ট্রেজারি মনসুরসহ পাঁচ ব্যক্তি ও ইরানের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন মহন এয়ারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
মহন এয়ার গোপনে মধ্যপ্রাচ্যে কুদস ফোর্স ও হেজবুল্লাহ'র সদস্যদের পাঠিয়ে থাকে বলে ওয়াশিংটন জানায়।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ইতোমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে।
পারমাণবিক বোমা তৈরির জন্য ইরান এ কর্মসূচি চালাচ্ছে বলে ওয়াশিংটন ও তার সহযোগী দেশগুলো অভিযোগ করলেও ইরান বলছে, তারা কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য এটি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৫১ ঘ.
bdnews24