ক্যালিফোর্নিয়া, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের সিল বিচ এলাকার একটি সেলুনে গুলি করে ৮ জনকে হত্যা করা হয়েছে।
বুধবার 'সেলুন মেরিটেজ' নামের ওই সেলুনে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সন্দেহভাজন হত্যাকারীকে ঘটনার দুই ঘন্টা পর গ্রেপ্তার করা হয়েছে। একটি গাড়িতে করে ঘটনাস্থলে এসে ওই সেলুনে ঢুকে গুলি চালিয়ে অস্ত্রধারী ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ক্যালিফোর্নিয়া পুলিশের সার্জেন্ট বৌলস বলেন, পুলিশের কর্মকর্তারা সন্দেহভাজনের গাড়িটি চিহ্নিত করে তাড়া দিয়ে তাকে (সন্দেহভাজন) আটক করে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।
তিনি বলেন, সিল বিচে এত বড় ধরনের অপরাধ কখনোই ঘটে নি।
পুলিশ আরো জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি আটকের সময় প্রতিরোধের কোনো চেষ্টা করে নি। তবে ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয় নি।
পুলিশ জানায়, গুলিতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। পরবর্তীতে আরো ২ জনের মৃত্যু হয়। অপর এক ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানা গেছে।
লস এঞ্জেলেস থেকে ৩০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত ২৫ হাজার জনসংখ্যার সমুদ্রউপকূলীয় শহর সিল বিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/সিআর/১৫১০ ঘ.
bdnews24