কেপ ক্যানাভেরাল (ফ্লোরিডা), অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পৃথিবীর কক্ষপথে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের নিয়ে যেতে নাসার উদ্যোগে নির্মিত হয়েছে মহাকাশ ট্যাক্সি। আগামী গ্রীষ্মে এই মহাকাশ ট্যাক্সির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হবে।
মঙ্গলবার নাসার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
চলতি বছর নাসার মহাকাশযান শাটলের কার্যক্রম বন্ধ করা হয়। ফলে এ মুহূর্তে নিজেদের কোন মহাকাশযান না থাকায় নাসার মহাকাশচারীরা রাশিয়ার মহাকাশযান ব্যবহার করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছে।
এজন্য নাসাকে প্রতি মহাকাশচারীর জন্য ৫ কোটি ডলারেরও বেশি ব্যয় করতে হচ্ছে।
পরীক্ষামূলক উড্ডয়ন সফল হলে এ মহাকাশ ট্যাক্সিগুলোকেই পরবর্তীতে নাসার মহাকাশচারীদের মহাকাশ স্টেশনে যাওয়া-আসার কাজে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্র সরকারের অর্থ সহায়তায় বেসরকারি একটি কোম্পানি এ ধরনের চারটি মহাকাশযান তৈরি করেছে।
সিয়েরা নেভেদা কর্পোরেশনের এই মহাকাশযানগুলোর নাম "ড্রিম চেসার"।
নাসার কর্মকর্তা এড ম্যাংগো জানান, পরীক্ষামূলক ওই উড্ডয়ন হয় ক্যালিফোর্নিয়ার মোজাভ মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ড বিমান ঘাঁটি থেকে পরিচালিত হবে অথবা নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড মিসাইল রেঞ্জ থেকে পরিচালিত হবে।
নাসা ২০১৬ সালের আগেই মহাকাশচারীদের আনা-নেওয়ার বিষয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে ছেড়ে দেবে বলে জানিয়েছেন ম্যাংগো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৮ ঘ.
bdnews24