নয়াদিল্লি, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বব্যাপী মন্দার মধ্যেও ভারতে চলতি অর্থ বছরে প্রায় ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
মঙ্গলবার এক বিবৃতিতে মনমোহন বলেন, "একদিকে, বিশ্ব অর্থনীতিতে মন্দা আর অন্যদিকে, স্বল্প সময়ের মধ্যে মূল্যস্ফীতি কমানোর চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থ বছরে (২০১১-১২) ৮ শতাংশের কাছাকাছি পৌঁছবে।"
"বিশ্ব মন্দার মধ্যেও আমরা এ বছর প্রবৃদ্ধির হার প্রায় ৮ শতাংশে নিয়ে যাবো", বলেন তিনি।
ভারতে অগাস্টে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ সামগ্রিক মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৭৮ শতাংশে।
এক বছরের মধ্যে সর্বচ্চো এ মুদ্রাস্ফীতি সরকার এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এর জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুদ্রাস্ফীতি সামাল দিতে বারবার সুদের হার বাড়াতে হচ্ছে আরবিআই'কে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৩ ঘ.
bdnews24