২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্বাসক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন স্টিভ'

অ্যাপেল ইনকর্পোরেশনের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের শরীরে অগ্ন্যাশয় ক্যান্সার ছড়িয়ে পড়ায় শ্বাসক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুসনদে স্টিভ জবসের মৃত্যুর কারণ হিসেবে এমনটিই উল্লেখ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাপেল ইনকর্পোরেশনের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের শরীরে অগ্ন্যাশয় ক্যান্সার ছড়িয়ে পড়ায় শ্বাসক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুসনদে স্টিভ জবসের মৃত্যুর কারণ হিসেবে এমনটিই উল্লেখ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টির গণস্বাস্থ্য বিভাগ থেকে সোমবার তার মৃত্যুসনদ প্রকাশ করা হয়। সনদে তার পেশা হিসেবে 'হাই-টেক এন্টারপ্রেনার' লেখা হয়েছে বলে জানায় বিবিসি। স্টিভ জবস গত বুধবার ৫৬ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার পালো আলতোতে তার নিজ বাসভবনে মারা যান। তার মৃত্যুর কারণ প্রকাশ করেনি অ্যাপেল। তবে কয়েক বছর ধরেই বিরল ক্যান্সারে আক্রান্ত জবস শারীরিকভাবে দুর্বল ছিলেন। মৃত্যুর পর তার লাশের কোন ময়নাতদন্ত করা হয় নি। শুক্রবার তাকে সমাহিত করা হয়। মৃত্যুসনদ অনুযায়ী গত পাঁচ বছর ধরে জবস 'মেটাস্ট্যাটিক প্যাক্রিয়াস নিউরোএন্ডোক্রাইন টিউমার' এ ভুগছিলেন। ২০০৪ সালে জবস ঘোষণা করেন, তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছেন। ২০০৯ সালে তার যকৃৎ পুনস্থাপন করা হয়। ২০১১ সালের অগাস্টে আনুষ্ঠানিকভাবে অ্যাপেলের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানোর আগেই জানুয়ারিতে তিনি চিকিৎসাজনিত ছুটি গ্রহণ করেন। স্টিভের মৃত্যুর পর দেয়া এক বিবৃতিতে তার পরিবার জানায়, তার শান্তিপূর্ণ মৃত্যুর সময় পরিবারের সবাই তার পাশে ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৩২ ঘ.