বৈরুত, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় নবগঠিত বিরোধী ন্যাশনাল কাউন্সিলকে কোনো দেশ স্বীকৃতি দিলে এর কড়া জবাব দেওয়া হবে। সিরিয়া রোববার এ হুঁশিয়ারি দিয়েছে।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ছয়মাসের আন্দোলনে আন্তর্জাতিক সহায়তা চাইছে বিরোধী এই জাতীয় পরিষদ।
নতুন পরিষদ গঠনকে ইতোমধ্যেই স্বাগত জানিয়েছে পশ্চিমা দেশগুলো বিশেষত যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। তবে তারা এখনো কূনৈতিক দিক থেকে লিবিয়ার বিদ্রোহী পরিষদের মতো সিরিয়ার এ পরিষদকে স্বীকৃতি জানায়নি।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মৌয়ালেম দামেস্কয় এক সংবাদ সম্মেলনে বলেন, " এই অবৈধ পরিষদকে কোনো রাষ্ট্র স্বীকৃতি জানালে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।"
মৌয়ালেম তার বক্তব্যে সিরিয়ায় আসাদের সরকারবিরোধী দমনাভিযান নিয়ে তুরস্কের সমালোচনাও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, পশ্চিমারা সিরিয়ায় সামরিক হামলা চালাবে এমন কথা কারো চিন্তাও করা উচিত না।
পশ্চিমারা মানবাধিকার রক্ষার ছলে সিরিয়ার জনগণকে অনাহারে রাখতে অর্থনেতিক নিষেধাজ্ঞা আরোপের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সিরিয়ায় আসাদ বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ২ হাজার ৯০০ জন নিহত হয়েছে।
শনিবার বিরোধী দলীয় এক নেতার দাফন অনুষ্ঠানে যোগ দেওয়া হাজার হাজার মানুষের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে কমপক্ষে দুই জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিােফার ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৬ঘ.
bdnews24