ম্যানিলা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে পরপর দুটি টাইফুন ও পরবর্তী বন্যায় এ পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পানিতে ডুবেই অধিকাংশের মৃত্যু হয়েছে।
ফিলিপাইনের জাতীয় দূর্যোগ সংস্থা রোববার এ কথা জানিয়েছে।
চলতি বছর ২৭ সেপ্টেম্বর টাইফুন নেসাত ফিলিপাইনে আঘাত হানে। এর আঘাত সামলে উঠতে না উঠতেই ১ আক্টোবর নালগেই নামের আরেকটি টাইফুন আঘাত হানে দেশটিতে। পরপর দুটি টাইফুনে দ্বীপদেশ ফিলিপাইনের মূল দ্বীপের উত্তরাঞ্চল বিপর্যস্ত হয়ে পড়ে।
উত্তরাঞ্চলের কৃষি সমৃদ্ধ প্রদেশ লুজনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২৭ কোটি ৫০ লাখ ডলারের কৃষি সম্পদ বিনষ্ট হয়।
টাইফুন দুটির মধ্যে নেসাতের আঘাতেই ক্ষয়ক্ষতি বেশি হয়। লুজনসহ ম্যানিলার উত্তরের দুটি প্রদেশে ব্যাপক বন্যা দেখা দেয়। এলাকগুলো এখনো বন্যা কবলিত। তবে ধীরে ধীরে পানি সরে যাচ্ছে।
দূর্যোগ সংস্থা রোববার জানায়, টাইফুন আঘাত হানার পর থেকে রোববার পর্যন্ত আরো ৮২ জনের মৃত্যু হয়েছে। এর আগে টাইফুন নালগেই'র আঘাতে মারা যায় ১৯ জন। ২৭ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
ফিলিপাইনের সরকারী কর্মকর্তারা জানান, ফসলহানির জন্য আসছে বছরে প্রস্তাবিত পরিমাণের চেয়েও বেশি চাল আমদানী করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪৫১ ঘ.
bdnews24