বৈরুত, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ সিরিয়ার রাজধানী দামেস্ক ও হমস শহরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিক্ষোভে সরকারি বাহিনীর গুলিতে অন্ততপক্ষে আটজন নিহত ও ২৫৫ জন আহত হয়েছে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছে।
শুক্রবার জুম্মা নামাজের পর বিক্ষোভ শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা 'অবজারভেটরি ফর হিউমান রাইটস'র প্রধান রামি আব্দেল-রহমান জানান, দামেস্কর উপকণ্ঠ দৌমায় তিনজন, লেবানন সীমান্ত অঞ্চল জাবাদানিতে একজন এবং হমসের বাব সবায় চারজন নিহত হয়েছে।
এছাড়া হামা ও দির আল-জোরেও বিক্ষোভকারী ও মানবাধিকার কর্মীদের ওপর সরকারি বাহিনী দমনাভিযান চালিয়েছে।
এসব বিক্ষোভে আন্তর্জাতিক সম্পদায়ের কাছে সিরীয় বেসামরিকদের রক্ষার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। বিক্ষোভের ভিডিওচিত্রতে এ আবেদন সম্বলিত ব্যানারও দেখা গেছে।
এসময় তারা আসাদকে সিরিয়ার কীটাণু বলেও শ্লোগান দেয়। এছাড়া 'তোমাকে আমরা ভালবাসি না। তুমি এবং তোমার দল ক্ষমতা ছাড়' বলেও শ্লোগান দেয় তারা।
অধিকতর রাজনৈতিক অধিকারের দাবিতে সিরিয়ায় প্রায় সাতমাস ধরে প্রেসিডেন্ট আসাদবিরোধী বিক্ষোভ চলছে। আসাদ গত ১১ বছর ধরে সিরিয়া শাসন করছেন। এর আগে প্রায় ৩০ বছর তার বাবা দেশটি শাসন করেছে।
ওদিকে জাতিসংঘে পশ্চিমা রাষ্ট্রগুলো প্রণীত খসড়া নিন্দা প্রস্তাবে ভেটো দেয়ায় বিক্ষোভকারীরা চীন ও রাশিয়ার পতাকা পুড়িয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।
ওদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ (রিয়া) শুক্রবার এক প্রতিবেদনে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বরাত দিয়ে জানায়, প্রতিশ্র"ত সংস্কার করতে না পারলে সিরীয় নেতাদের ক্ষমতা ত্যাগ করা উচিত। তবে পশ্চিমা রাষ্ট্রগুলো এ বিষয়ে হস্তক্ষেপের কোনো অধিকার নেই।
মেদভেদেভের উদ্ধৃতি দিয়ে রিয়া আরো জানায়, "আমরা আমাদের মাধ্যমগুলো ব্যবহার করছি এবং সিরীয় নেতাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছি। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য সিরীয় নেতাদের কাছে দাবি করছি।"
এতে আরো বলা হয়, আর যদি সিরীয় কর্তৃপক্ষ সংস্কারে ব্যর্থ হয় তবে তাদের চলে যেতে হবে। তবে এই সিদ্ধান্ত ন্যাটো বা কিছু ইউরোপীয় রাষ্ট্র নয় নেবে সিরিয়ার জনগণ এবং নেতৃত্ব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫৭ ঘ.
bdnews24