ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজীব ও সোনিয়া গান্ধীর ছেলে এবং ভারতীয় কংগ্রেস পার্টির অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী সাধারণ যাত্রীদের যাতায়াতের বাহন মেট্রো রেলে চড়লেন। তবে শুধু মেট্রো রেলে চড়েই ক্ষান্ত হন নি, গন্তব্যে পৌঁছতে ভাড়ায় চালিত সাধারণ ট্যাক্সিও ব্যবহার করেছেন তিনি।
মঙ্গলবার উত্তর-পশ্চিম দিল্লির রোহিনী এলাকায় জাপানি পার্কে যেতে তিনি এ গণপরিবহনগুলো ব্যবহার করেন বলে এনডিটিভি জানায়।
রাহুল গান্ধীকে ভারতের ভবিষ্যৎ সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনীতিক আভাসও দিয়েছেন। সেই রাহুলই যখন সাধারণ যাত্রীর মতো গণপরিবহনে চড়েন তখন তা ঘটনাই বটে।
দিল্লির রেস কোর্স স্টেশন থেকে মেট্রোতে ওঠে সাধারণ যাত্রীদের সাথে দাঁড়িয়ে গন্তব্যের উদ্দেশে রওয়ানা হন রাহুল। সহযাত্রী হিসেবে তাকে পেয়ে সাধারণ যাত্রীরাও আপ্লুত হয়ে পড়েন।
মেট্রো রেল থেকে নেমে রাহুল যখন রেডিও ট্যাক্সি নামে পরিচিত দিল্লির ভাড়ায় চালিত ট্যাক্সির একটিতে চড়ে বসেন তখন ট্যাক্সির চালক নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।
রোহিনী মেট্রো স্টেশনে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকা শারাভান নামের ওই ক্যাব চালক কল্পনাও করতে পারেন নি রাহুল গান্ধীর মতো একজন ব্যক্তিত্বকে তার যাত্রী হিসেবে পাবেন।
শারাভান বলেন, "তিনি আমাকে জিজ্ঞেস করেন জাপানি পার্ক পর্যন্ত যেতে পারবো কিনা। সেখানে যাওয়ার পর ভাড়া হিসেবে তিনি ২শ' রুপি দেন।"
কংগ্রেসের এক যুব সমাবেশে যোগ দিতে রাহুল দিল্লির জাপানি পার্কে যান।
এদিকে, ভারতের অর্থমন্ত্রী ও প্রবীন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় এনডিটিভির সাংবাদিক শ্রীনিভাস জৈনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অদূর ভবিষ্যতে রাহুল গান্ধীই হতে যাচ্ছেন ভারতীয় কংগ্রেস পার্টির প্রধান নেতা। তার নেতৃত্বেই চলবে ঐতিহ্যবাহী ভারতীয় কংগ্রেস পার্টি।
মনমোহন সিংকে তার প্রধানমন্ত্রীত্বের মেয়াদকালের মাঝপথে সরানোর কোন পরিকল্পনা কংগ্রেসের নেই বলেও এসময় জানান প্রণব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০০ ঘ.
bdnews24