২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-আফগানিস্তান 'কৌশলগত অংশীদারিত্ব' চুক্তি সই

ভারত সফররত আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দু'দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছেন। এ চুক্তির ফলে আফগানিস্তানের শিক্ষা ও উন্নয়ন এবং উভয়দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে সাহায্য করতে পারবে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 06:53 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফররত আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দু'দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছেন। এ চুক্তির ফলে আফগানিস্তানের শিক্ষা ও উন্নয়ন এবং উভয়দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে সাহায্য করতে পারবে ভারত। মঙ্গলবার চুক্তিটি সই হয়। দু'দিনের সফরে আফগান প্রেসিডেন্ট কারজাই এখন ভারতে অবস্থান করছেন। তবে, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীগুলোকে প্রশিক্ষণ, নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ও নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করার লক্ষ্যে দু'দেশের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তি সইয়ের পর দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মনমোহন বলেন, দু'দেশের এই কৌশলগত অংশীদারিত্বের ফলে আফগানিস্তানের "সক্ষমতা বৃদ্ধিতে" তথা শিক্ষা, উন্নয়ন ও দু'দেশের জনগণের পারস্পারিক সম্পর্ক বৃদ্ধিতে ভারতের অবদান রাখার "প্রাতিষ্ঠানিক রূপরেখা" সৃষ্টি হবে। বিবিসি জানিয়েছে, পুলিশসহ আফগান নিরাপত্তা বাহিনীগুলোকে ভারতের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত আছে বলে একটি ধারণা প্রচলিত থাকলেও সংবাদ সম্মেলনে মনমোহন সিং চুক্তিতে এ ধরনের কোনকিছু রয়েছে বলে ইঙ্গিত দেন নি। আফগানিস্তানের জ্বালানী চাহিদা নিয়ে আরো দু'টি সমঝোতা চুক্তি সই হয়েছে বলে এসময় জানান ভারতের প্রধানমন্ত্রী। ওই জ্বালানী চুক্তির ফলে ভারত ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে কাবুলের বাণিজ্য সম্পর্ক এক নতুন যুগে প্রবেশ করবে বলে মন্তব্য করেন তিনি। আফগানিস্তানের শীর্ষ শান্তি আলোচক বুরহানুদ্দিন রব্বানির হত্যাকান্ডে তিনি ভারতবাসীর পক্ষ থেকে আফগানিস্তানের প্রতি গভীর সহানুভূতি জানান। জুলাই মাসে রব্বানি ভারত সফরে এসেছিলেন, সেকথা উল্লেখ করে মনমোহন বলেন, আমরা তার দৃষ্টিভঙ্গীতে ভীষণ উৎসাহিত হয়েছিলাম। এসময় সন্ত্রাস ও চরমপন্থী কার্যক্রম মোকাবিলায় সাহায্য করার জন্য কারজাই ভারতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে দেওয়া বিবৃতিতে কারজাই আফগানিস্তানের ভবিষ্যত বিষয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ভারতের সাথে ঘণিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে মনমোহন বলেন, আফগানিস্তানের সংঘাতময় পরিস্থিতি পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্যই হুমকি। তিনি কারজাইকে আশ্বস্ত করে বলেন, ২০১৪ সালে বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর ভারত তার পাশে দাঁড়াবে। আফগানিস্তানে গত কয়েকদিনে বেশ কয়েকটি ধারাবাহিক সন্ত্রাসী হামলার পর হামিদ করাজাই ভারত সফরে এলেন। ওই হামলাগুলোর কারণে আফগানিস্তনের সাথে প্রতিবেশী পাকিস্তানের সম্পর্ক নাজুক হয়ে পড়েছে। তাই কারজাইয়ের এ ভারত সফরকে পাকিস্তানের জন্য সতর্ক সংকেত বলে বিবেচনা করছেন বিশ্লেষকরা। ভারত বর্তমানে আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা দেশ। আফগানিস্তানের নতুন পার্লামেন্ট ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সহয়তা দিচ্ছে ভারত। আসছে দিনগুলোতে আফগানিস্তানে ভারত আরো বড়ো ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪৫ ঘ.