২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদার্থবিদ্যায় নোবেল তিন সুপারনোভা গবেষকের

মহাবিশ্ব কেবল স¤প্রসারিতই হচ্ছে না, এর গতি ক্রমশ বাড়ছে। এ বিষয়ে গবেষণার জন্য চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পাচ্ছেন যুক্তরাষ্ট্রের তিন গবেষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

স্টকহোমস, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুপারনোভা নিয়ে গবেষণা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের তিন গবেষক দেখতে পান আমাদের এই মহাবিশ্ব কেবল স¤প্রসারিতই হচ্ছে না, এর গতি ক্রমশ বাড়ছে। সেই গবেষণার জন্য চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন তারা। নোবেল কমিটি মঙ্গলবার এই পুরস্কারের জন্য সল পার্লমুটার ও অ্যাডাম জি রিজ এবং ব্রায়ান পি শ্মিদের নাম ঘোষণা করে। ৫২ বছর বয়সী পার্লমুটার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সুপারনোভা কসমোলজি প্রজেক্টের প্রধান। ৪৪ বছর বয়সী শ্মিদ অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির হাই-জেড সুপারনোভা সার্চ টিমের নেতৃত্ব দিচ্ছেন। আর ৪২ বছর বয়সী রিজ কাজ করছেন বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনিস্টিটিউটের সুপারনোভা গবেষণা দলে। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের এক বিবৃতিতে জানানো হয়, চলতি বছরের পুরস্কারের অর্থমূল্য বাবদ এক কোটি সুইডিস ক্রোনারের অর্ধেক পাবেন পার্লমুটার। এছাড়া শ্মিদ ও রিজ বাকি ৫০ লাখ ক্রোনার ভাগ করে নেবেন। এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের নোবেল বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন বিজ্ঞানী নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে কানাডিয়ান বিজ্ঞানী রল্ফ স্টেইনম্যানের নাম ঘোষণার পর জানা যায় দুদিন আগেই তিনি মারা গেছেন। বুধবার রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি। শুক্রবার শান্তিতে, ১০ অক্টোবর অর্থনীতিতে এবং অক্টোবরের প্রথম দিকে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১৪৮ ঘ.