সিরিয়া, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাস্তান শহরে সরকার পক্ষত্যাগী সেনাদের সঙ্গে কয়েকদিনের লড়াইয়ের পর শহরটি ফের নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে সরকারি বাহিনী অবরুদ্ধ রাস্তান শহরের রাস্তায় লোকজনকে উল্লাস করতে দেখা গেছে।
সানা বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, পরিস্থিতি শান্ত হয়ে এসেছে এবং শহরে নিরাপত্তা ফিরে এসেছে। ট্যাংকের গোলা এবং বিমান হামলার মুখে বিদ্রোহী সেনারা সব শহর ছেড়ে চলে গেছে।
মঙ্গলবার থেকে শহরটিতে শুরু হওয়া লড়াইয়ে সরকার ও বিদ্রোহী দুপক্ষে অন্তত ১৩০ জন নিহত হয়েছে।
এর আগে মানবাধিকার কর্মীরা জানায়, বিদ্রোহী সেনারা হোমস প্রদেশে চলে যাওয়ার পর সেনাবাহিনী শহরের বেশির ভাগ এলাকা দখল করে।
এখন শহরটি সিল করে রাখা হয়েছে বলে জানিয়েছেন আরেক মানবাধিকার কর্মী।
'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' এর প্রধান রমি আব্দুল রহমান বলেন, ৫ দিনের লড়াইয়ের পর দামেস্কর ১৮০ কিলোমিটার উত্তরের রাস্তান শহর এখন বেশিরভাগই সরকারি বাহিনীর দখলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০২৬ঘ.
bdnews24