ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতা থেকে উৎখাতে মঙ্গলবার মহা বিক্ষোভের পরিকল্পনা করেছে আন্দোলনকারীরা।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দশ লাখের বেশি মানুষকে মঙ্গলবার রাজধানী কায়রোর রাজপথে জড়ো করার পরিকল্পনা করেছে 'এপ্রিল সিক্স মুভমেন্ট' নামের একটি সংগঠন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার তাহরির স্কয়ারে মোবারকের পদত্যাগ দাবিতে প্রায় ৫০ হাজার মানুষ বিক্ষোভ করছে। সেনাবাহিনীর প্রতিও প্রশ্ন তুলেছে তারা।
বিক্ষোভকারীদের একটি ব্যানারে লেখা রয়েছে, 'মিশর ও মোবারকের মধ্যে একটিকে বেছে নিতে হবে সেনাবাহিনীকে'।
এদিকে, মোবারকের নিয়তি নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা রোববার মোবারকের সঙ্গে বৈঠক করলেও তারা জনতার প্রতি মারমুখী হয়নি। আবার মোবারকের ওপর থেকে সমর্থনও তুলে নেয়নি সেনাবাহিনী।
দুপুরে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে তাহরির স্কয়ারে বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার মানুষ।
কারফিউ উপেক্ষা করে রোববার সারারাত তাহরির স্কয়ারে সমবেত ছিলো কয়েকশ' বিক্ষোভকারী।
সেনা সদস্যরা রাস্তা বন্ধ করে বিক্ষোভকারীদের ঠেকাতে চাইলেও স্রোতের বেগে তেড়ে আসা মানুষ তা উপেক্ষা করে তাহরির স্কয়ারে বিক্ষোভে যোগ দেয়।
নতুন মন্ত্রিসভা
সদ্য নিয়োগ পওয়া প্রধানমন্ত্রী আহমেদ শফিক সোমবার মন্ত্রিসভা গঠন করেছেন। মন্ত্রিসভায় মাহমুদ ওয়াগদিকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। ওয়াগদি আগে কায়রোর অপরাধ তদন্ত বিভাগের প্রধান ও দেশটির প্রধান কারারক্ষীর দায়িত্বে ছিলেন।
বিক্ষোভকারীদেরকে পুলিশ লাঠিপেটা করায় এবং তাদের ওপর কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলির পদত্যাগ দাবি করে জনতা।
অর্থমন্ত্রী ইউসেফ বুট্রোস ঘালিকে সরিয়ে গাওদাত এল-মালতকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অডিট বিভাগের সাবেক প্রধান মালত দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।
রোববার বিক্ষোভকারীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেলজয়ী এল বারাদি বলেন, "পরিবর্তন আসছে"।
তিনি বলেন, "আপনাদের অধিকার আদায় করে নিতে হবে, যে আন্দোলন শুরু হয়েছে তা থেকে সরে যাওয়া যাবে না।"
"আমি মিশরের জনগণের প্রতি সশ্রদ্ধ অভিবাদন জানাই। আপনারা ধৈর্য ধরুন, কিছু দিনের মধ্যেই পরিবর্তন আসছে", বলেন তিনি।
মিশরে মঙ্গলবার থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
দেশটিতে সাত দিনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে এক শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২০৪২ ঘ.
bdnews24