২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ার মন্ত্রিসভায় রদবদল, জনমনে মিশ্র প্রতিক্রিয়া

তিউনিসিয়ায় গণআন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারে বড় ধরনের রদবদল করেছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচি। এ পদক্ষেপে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

তিউনিস, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- তিউনিসিয়ায় গণআন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারে বড় ধরনের রদবদল করেছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচি। এ পদক্ষেপে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী নিজে তার পদ থেকে না সরলেও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলির ঘনিষ্ঠজনদের অনেকেই মন্ত্রিসভা থেকে সরে গেছেন। বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে টেলিভিশনের ভাষণে গানুচি ১২ জন মন্ত্রীকে সরানো হয়েছে বলে জানিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি পদ স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রতিরক্ষায় পুরোনো মন্ত্রীদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন গানুচি। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জিনে আল আবিদিনে বেন আলির ঘনিষ্ঠজনদের সরকার থেকে বাদ দেওয়ার দাবিতে আন্দোলন-বিক্ষোভ করে আসছিলো জনগণ। এ বিক্ষোভের অবসান ঘটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই গানুচির এ পদক্ষেপ। প্রধান বিরোধী জোট ইউজিটিটি নতুন অন্তর্বর্তী সরকারে যোগ দিতে অস্বীকৃতি জানালেও মন্ত্রিসভায় এ রদবদলকে স্বাগত জানিয়েছে। এতে প্রধানমন্ত্রী গানুচির বিরুদ্ধে জনমত ঘুরে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তারপরও বেন আলির আমলে বহুবছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা গানুচির এই একটি পদক্ষেপেই তার বিরুদ্ধে ব্যাপক গণঅসন্তোষ স্তিমিত হবে কিনা সেটি এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিবিসি'র সংবাদদাতা। গানুচির পদক্ষেপে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। মন্ত্রিসভা রদবদল নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বিক্ষোভকারীরা। কেউ কেউ গানুচি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে চাইছে। আবার কেউ কেউ বলছে, সরকার জনদাবি ৮০ শতাংশই মিটিয়েছে, ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪১ ঘ.