ইয়াঙ্গুন, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) কে পুনরুজ্জীবিত করার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
গত বছরের ২২ নভেম্বর এনএলডিকে অবৈধ সংগঠন ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত। এই বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি আপিল করেন সু চি।
কিন্তু আপিলাত আদালত শুক্রবার সু চির আবেদন খারিজ করে দিয়ে আগের রায় বহাল রাখে।
গত বছর মিয়ানমারের সাধারণ নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে নিবন্ধন না করার অজুহাতে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) কে বিলুপ্ত ঘোষণা করে দেশটির সামরিক জান্তা সরকার।
মিয়ানমারের নেইপিয়েতার বিশেষ আপিলাত আদালত জানায়, গত বছরের ৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিবন্ধন না করায় এনএলডি একটি 'বেআইনি সংগঠন' বলে চিহ্নিত হবে।
'পক্ষপাতদুষ্ট ও অন্যায়' নির্বাচনী আইনের কারণে এনএলডির কারাবন্দি শত শত নেতাকে পার্লামেন্ট নির্বাচন থেকে বিরত থাকতে হতো। এর প্রতিবাদে এনএলডি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় এবং দলের নিবন্ধন করেনি।
সোমবার দেশটির পার্লামেন্টে নির্বাচনপরবর্তী প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
বিলুপ্ত এনএলডির মুখপাত্র ও আইনজীবী নিয়ান উইন টেলিফোনে বলেন, "এটিই ছিল আইনের সর্বশেষ পথ, আপিলের অধিকার এখানেই এসে শেষ হলো।"
তিনি আরো বলেন, "আমরা এখন কী করতে পারি, এ ব্যাপারে দ্রুত ইয়াঙ্গুনে ফিরে গিয়ে আমাদের নেতাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।"
আদালতের এই সিদ্ধান্ত মিয়ানমারের বৃহত্তম বিরোধী রাজনৈতিক শক্তিকে সেনা নিয়ন্ত্রিত নতুন রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে ঠেলে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
১৯৯০ সালে সু চির নেতৃত্বাধীন এনএলডি মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিজয়ী হলেও সামরিক জান্তা সরকার তাদের ক্ষমতায় আসতে দেয়নি।
এরপর কয়েক দফা নানা অজুহাতে সু চিকে প্রায় ১৫ বছর গুহবন্দি করে রাখা হয়। গত বছরের ১৩ নভেম্বর তাকে মুক্তি দেয় জান্তা সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২৬ ঘ.
bdnews24