২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা, ইন্টারনেট বন্ধ

মিসরে চতুর্থদিনের মতো বিক্ষোভ চলছে। শুক্রবার দিনের প্রথমভাগে সুয়েজ শহরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। আরো বড় ধরনের বিক্ষোভের আশঙ্কায় দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

কায়রো, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিসরে চতুর্থদিনের মতো বিক্ষোভ চলছে। শুক্রবার দিনের প্রথমভাগে সুয়েজ শহরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। আরো বড় ধরনের বিক্ষোভের আশঙ্কায় দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে সরকার। মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের ৩০ বছরের শাসনামলে এটিই সর্ববৃহৎ গণবিক্ষোভ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তিউনিসিয়ার গণবিক্ষোভের আদলে মিসরেও গত মঙ্গলবার থেকে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। শুক্রবার জুমা নামাজের পর গণবিক্ষোভ শুরু করার কথা রয়েছে। বৃহস্পতিবার সুয়েজে ১৬ বছর বয়সী এক বিক্ষোভকারী জানায়, "এটি এক বিপ্লব"। নোবেল শান্তিপুরস্কার জয়ী মোহাম্মদ এল বারাদি বৃহস্পতিবার ভিয়েনা থেকে মিসরে ফিরে এসেছেন। তিনি প্রেসিডেন্ট হোসনি মুবারকের প্রতি পদত্যাগের আহ্বান জানান। পাশাপাশি শুক্রবারের গণবিক্ষোভে তিনি অংশ নেবেন বলেও জানান। এদিকে, সরকার বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। এমনকি সেলফোনের মাধ্যমে মেসেজ চালাচালিও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি টুইটারবার্তায় লেখেন, "ইন্টারনেট, সামাজিক যোগাযোগসহ অন্যান্য যোগাযোগমাধ্যমগুলোর ব্যাপারে আমরা উদ্বিগ্ন, এমন কী এই টুইটারবার্তাও মিসরে আটকে দেওয়া হতে পারে।" প্রসঙ্গত, মিসরে এই আন্দোলনের শুরু হয় ফেসবুক পৃষ্ঠায় মানুষের সংগঠিত হওয়ার মধ্য দিয়ে। ফেসবুক পৃষ্টায় সমর্থন জানানো হাজার হাজার মানুষ রাজপথে বিক্ষোভে নামে। তারা "তিউনিসিয়াই সমাধান" লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে। এ ঘটনার পর থেকে মিসরে ফেইসবুক ও টুইটারে প্রবেশ করা যাচ্ছে না। মিশরের সরকার বলেছে, তারা ওয়েবসাইটগুলো বন্ধ করেনি। কিন্তু সরকারের এই দাবির পরও মধ্যরাত থেকে ইন্টারনেট সংযোগ পাচ্ছে না মিসরবাসী। গত তিন দিনের বিক্ষোভে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন সাধারণ নাগরিক ও দুই নিহত হয়েছে। আন্দোলন শুরু হওয়ার পর থেকে অন্ততপক্ষে একহাজার বিক্ষোভকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে এএফপিসূত্রে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ ঘ.