ডাভোস, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুইজারল্যান্ডের ডাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক সম্মেলনস্থলের কাছে একটি হোটেলে বৃহস্পতিবার ছোটখাটো বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সুইস পুলিশের মুখপাত্র একথা জানিয়েছেন। তিনি বলেন, "হোটেলের বেজমেন্টে গুদাম ঘরে একটি বিস্ফোরণ ঘটেছে। আমাদের লোকজন এখন সেখানে আছে। বিস্ফোরণে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।"
বিবিসি জানিয়েছে বিস্ফোরণে পোস্ট হোটেল মোরোসানির দুটি জানালা ভেঙে গেছে। বিষ্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডাভোসে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নিচ্ছে প্রায় ২৫০০ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা। আগামী কয়েকদিনে বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৭ ঘ.
bdnews24