লিসবন, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পর্তুগালের বর্তমান প্রেসিডেন্ট অ্যানিবাল কাবাকো সিলভা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যানুয়েল অ্যালেগ্রে।
রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ৫৫ ভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সিলভা। প্রতিদ্বন্দ্বী অ্যালেগ্রে পেয়েছেন ১৯ ভাগ ভোট।
এই নির্বাচন এমন সময় অনুষ্ঠিত হলো যখন দেশটি মারাত্মক ঋণ সমস্যা মোকাবিলা করছে।
ঋণ সংকটে পড়লেও পর্তুগালের সরকার কোনো ধরনের আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া অর্থনীতিকে চাঙ্গা করার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরকারের এই প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মিত্রের ভূমিকা পালন করছেন সিলভা।
অর্থনীতির প্রফেসর প্রেসিডেন্ট সিলভা ১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে ভোটগ্রহণ শেষ হলে লিসবনে সাংবাদিকদের সিলভা বলেন, "আমি মনে করি, পর্তুগালের সমস্যা নিরসনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ভীষণ গুরুত্বপূর্ণ।"
পর্তুগালে প্রেসিডেন্ট একটি আনুষ্ঠানিক পদ। কিন্তু তারপরও যেকোনো সময় কোনো কারণ দর্শানো ব্যতিরেকে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪২ ঘ.
bdnews24