ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলের রিও ডি জেনেরিওর উত্তরাংশের পার্বত্য অঞ্চলে বন্যা, ভূমিধস ও ভারী বর্ষণের কারণে নিহতের সংখ্যা ৮শ' ছাড়িয়েছে। পাশাপাশি এখনো ৪ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে সরকারি ভাবে জানানো হয়েছে।
উদ্ধারকারীরা প্রতিদিনই মাটিচাপা পড়া লাশ উদ্ধার করছে আর বাড়ছে মৃতের সংখ্যা।
বিবিসি জানিয়েছে, ব্রাজিল সরকার বলছে, দুর্যোগের আগাম সতর্কতামূলক একটি ব্যবস্থা তারা চালু করবে।
চলমান এই দুর্যোগই ব্রাজিলের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা।
ব্রাজিলের 'ও গ্লোবো' সংবাদপত্র জানিয়েছে, নিহতদের এক তৃতীয়াংশই কম বয়েসী। তাদের মধ্যে মাত্র পাঁচদিনের এক শিশুও রয়েছে।
নিখোঁজের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ৪ শতাধিক নিখোঁজ হওয়ার বিষয়টি অনুমান নির্ভর। এ সংখ্যা অনেক বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ অনেক প্রত্যন্ত অঞ্চল কবলিত হয়েছে, যেখানে হেলিকপ্টার ছাড়া পৌঁছানো সম্ভব নয়।
নতুন করে যেন আর কোনো মানুষ মারা না যান এ বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।
প্রাকৃতিক এই দুর্যোগপরবর্তী সময়ে দুর্গত অঞ্চলে রোগ-ব্যাধি ছড়িয়ে মহামারির আকার ধারণ করতে পারে। এ ব্যাপারে বিশেষ করে পানিবাহিত রোগ সম্পর্কে দেশটির কর্তৃপক্ষ বার বার হুঁশিয়ারি জানাচ্ছে। ইতোমধ্যে তিন ব্যক্তি পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
ব্রাজিলে ১৯৬৭ সালে বন্যায় ৭৮৫ জনের প্রাণহানির পর এবারের প্রাকৃতিক দুর্যোগেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৩ ঘ.
bdnews24