তেহরান, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) রাষ্ট্রদূতদের একটি দল ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প পরিদর্শন করেছে।
এর মধ্য দিয়ে ইরান তার পরমাণু কার্যক্রমে স্বচ্ছতার স্বাক্ষর রাখলো। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক রিপোর্ট একথা জানায়।
এই পরিদর্শক দলটিতে মূলত জোট-নিরপেক্ষ উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। পশ্চিমা, রুশ ও চীনা দূতদের আমন্ত্রণ জানানো হয় নি কিংবা তারা ইরানের আচরণে সাড়া দেয়নি।
ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনা এবং অসমাপ্ত ভারী পানির পরমাণু চুল্লি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের বিরোধ আছে। ইরান তাদের এ কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।
কিন্তু পশ্চিমাদের ধারণা, ইরান এ কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে।
আইএইএ'র ইরানি রাষ্ট্রদূত আলি আসগর সোলতানিয়েহ বলেছেন, এ পরিদর্শনের উদ্দেশ্য হচ্ছে, আমেরিকা ও অন্যান্য দেশ যে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করছে তা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া
তিনি বলেন, এ পরিদর্শন আমাদের কর্মকাণ্ডের স্বচ্ছতা প্রমাণ করা এবং আমাদের কর্মসূচির বিরুদ্ধে প্রচারণা যে ভিত্তিহীন তা চোখে আঙুল দিয়ে দেখানোরই উদ্যোগ।
তবে আইএইএ দূতরা নাতাঞ্জ পরমাণু স্থাপনা পরিদর্শন করলেও তাদেরকে ওই স্থাপনার আন্ডারগ্রাউন্ড সেন্ট্রিফিউজ এর কার্যক্রম দেখতে দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৮ ঘ.
bdnews24