টোকিও, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিশ্ব খাদ্য পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই। কারণ, এখনকার পরিস্থিতি ২০০৮ সালের মতো মারাত্মক নয় বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সহকারি মহাসচিব ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিরোউকি কোনুমা বলেন, এ মুহূর্তে বিশ্বে খাদ্যদ্রব্যের যোগান ওই সব পণ্যের চাহিদার খুব কাছাকাছি রয়েছে। কিন্তু খাদ্যদ্রব্যের পর্যাপ্ত মজুদ থাকায় পরিস্থিতি ২০০৮ সালের মতো ভয়াবহ নয়।
কিছু অঞ্চলে গম ও অপরিশোধিত তেলের মূল্য বাড়লেও ২০০৮ সালের সর্বোচ্চ মূল্যের চেয়ে এখনো তা কম রয়েছে। তাছাড়া চালের দামও বেশ কিছুটা কমেছে বলে জানান তিনি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনুমা বলেন, "বর্তমানে খাদ্যদ্রব্যের চাহিদা ও সরবরাহ খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। কিন্তু খাদ্যদ্রব্যের যথেষ্ট মজুদ থাকার কারণে এ মুহূর্তে আশঙ্কার কিছু নেই।"
"আমরা এখনো যথেষ্ট মজুদ ধরে রেখেছি যা বছরের মোট উৎপাদনের ২৫ শতাংশ। পর্যাপ্ত মজুদ থাকার অর্থ হচ্ছে মানুষকে খাওয়ানোর মতো যথেষ্ট খাদ্যদ্রব্য রয়েছে বিশ্বে।", বলেন তিনি।
খাদ্যদ্রব্য উৎপাদনকারী দেশগুলোতে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে খাদ্যপণ্যের সরবরাহ কমে গেছে। কিন্তু ভারত ও চীনের মতো দেশগুলোতে জনসংখ্যা বাড়তে থাকায় খাদ্যপণ্যের চাহিদাও বেড়েছে।
খাদ্যদ্রব্য উৎপাদন, তেলের মূল্য ও প্রাকৃতিক দুর্যোগ বর্তমানের হারে চলতে থাকলে খাদ্যদ্রব্যের দাম একইরকম থাকবে এবং তা বাড়ার তেমন সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন কোনুমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৩০ ঘ.
bdnews24