ওয়াশিংটন, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক উন্নয়নের পালে হাওয়া লাগায় বাড়তে শুরু করেছে প্রেসিডেন্ট বারাক ওবামার জনসমর্থন।
এমনটাই দেখা গেছে বুধবার প্রকাশিত রয়টার্স/ইপসোস জরিপের ফলে।
জরিপে দেখা গেছে, ওবামার জনসমর্থন বেড়ে ৫০ শতাংশ হয়েছে। ডিসেম্বরে এ হার ছিলো ৪৫ শতাংশ।
গত জুন থেকে এ পর্যন্ত পরিচালিত জরিপে ওবামা এই প্রথম ৫০ শতাংশ জনসমর্থন পেলেন।
তবে এখনো যুক্তরাষ্ট্রের অনেক নাগরিকই যে তাকে সমর্থন করে না তাও প্রকাশ পেয়েছে এ জরিপে।
জরিপে অংশ নেওয়া ৪৭ শতাংশ নাগরিকই তাকে সমর্থন করেনি। ডিসেম্বরে এ হার ছিলো ৪৬ শতাংশ।
দেশের অর্থনীতি চাঙ্গা হতে শুরু করায় আরো অনেকেরই দেশ সঠিক পথে চলছে বলে মত দেওয়ার সম্ভাবনা বাড়ছে। জানুয়ারিতে ৩৬ শতাংশ মানুষ এমন ইতিবাচক মত দিয়েছে। ডিসেম্বরে যা ছিলো ২৯ শতাংশ।
তবে ৫৯ শতাংশ মার্কিনি এখনো বলছে দেশ ভুল পথে চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২৬ ঘ.
bdnews24