তেহরান, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত একদল গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ইরান।
২০১০ সালে এক ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যার পিছনে ওই চরদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ইরান।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, "গুপ্তচর ও সন্ত্রাসীদের এ চক্রটি মোসাদের সঙ্গে জড়িত।
"মাসউদ আলি-মোহাম্মাদি হত্যাকাণ্ডে জড়িত ছিলো এ চক্র।"
গত বছর ১২ জানুয়ারি রিমোট চালিত বোমা হামলায় তেহরান বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপককে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান।
তবে ওই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্র।
গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "ওই হত্যাকাণ্ডের জন্য কিছু ইউরোপীয়, ইউরোপের বাইরের এবং প্রতিবেশী দেশকে কাজে লাগিয়েছে ইসরায়েল।"
তবে গুপ্তচর চক্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি ওই বিবৃতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/ এলকিউ/২২১৪ ঘ.
bdnews24