২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগবোর হাত রক্তে রাঙা: ওয়াত্তারা

আইভরি কোস্টের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া আলাসানে ওয়াত্তারা বৃহস্পতিবার অভিযোগ করে বলেছেন, ল্যঁরা বাগবোর হাত রক্তে রাঙানো। আইভরি কোস্টে নির্বাচন পরবর্তী সহিংসতার নির্দেশ তিনিই দিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

প্যারিস, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আইভরি কোস্টের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া আলাসানে ওয়াত্তারা বৃহস্পতিবার অভিযোগ করে বলেছেন, ল্যঁরা বাগবোর হাত রক্তে রাঙানো। আইভরি কোস্টে নির্বাচন পরবর্তী সহিংসতার নির্দেশ তিনিই দিয়েছিলেন। বাগবোই দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা উস্কে দেন এবং বিদেশি এজেন্টদের হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দেন বলে ওয়াত্তারা অভিযোগ করেছেন। তার কাছে এর প্রমাণও আছে বলে দাবি করেছেন ওয়াত্তারা। ইউরোপ ওয়ান বেতারে ওয়াত্তারা বলেন, " ল্যঁরা বাগবোর হাত রক্তে রাঙা। তিনি বিদেশি এজেন্টদেরকে নাগরিকদের হত্যা করার নির্দেশ দিয়েছেন। আমাদের কাছে এর প্রমাণ অবশ্যই আছে।" তিনি আরো বলেন, "আমরা ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) আইভরি কোস্টে একদল তদন্তকারী পাঠানোর অনুরোধ জানানোর জন্য জাতিসংঘ মহাসচিবের কাছে লিখিত আবেদন পাঠিয়েছি। আগামী দিনগুলোতে এ উদ্যোগ নেওয়া হবে বলে আমাকে জানানোও হয়েছে।" ওয়াত্তারার এ অভিযোগের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রেসিডেন্ট ল্যঁরা বাগবো শিবির। তবে জাতিসংঘ জানিয়েছে, আইভরি কোস্টে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২১০ জনে দাঁড়িয়েছে। তাছাড়া, আরো হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত বাধাগ্রস্ত করার জন্য বাগবো শিবিরের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আইভরি কোস্টে ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাগবোর প্রতিপক্ষ ওয়াত্তারাই জয়ী হয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মহল। কিন্তু বাগবো তার হাতে ক্ষমতা হস্তান্তর না করে নিজে ক্ষমতা দখল করে রেখেছেন। বাগবো দেশ থেকে জাতিসংঘ বাহিনীকে চলে যাওয়ারও নির্দেশ দেন। কিন্তু জাতিসংঘ তা প্রত্যাখ্যান করে। বরং উল্টো আরো বেশি শান্তিরক্ষী পাঠিয়ে আইভরি কোস্টে শক্তি বাড়ানোর চেষ্টা নিচ্ছে জাতিসংঘ। বিভিন্ন মানবাধিকার গ্র"প ও কূটনীতিকরা বলছে, বাগবো লাইবেরিয়া থেকে সন্ত্রাসী ভাড়া করে এনেছেন। কিন্তু বাগবো শিবির বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। আইসিসি বলেছে, তারা আইভরি কোস্টের পরিস্থিতির ওপর নজর রাখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৮ ঘ.