২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ সাল সফটওয়্যার প্রকৌশলীদের

যুক্তরাষ্ট্রে ২০১১ সালে সবচেয়ে ভালো চাকুরি সফটওয়্যার প্রকৌশলীদের আর সবচেয়ে খারাপ চাকুরি তেল কূপ শ্রমিকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

নিউইয়র্ক, জানুয়ারি ০৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রে ২০১১ সালে সবচেয়ে ভালো চাকুরি সফটওয়্যার প্রকৌশলীদের আর সবচেয়ে খারাপ চাকুরি তেল কূপ শ্রমিকদের। বুধবার প্রকাশিত দেশের সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ চাকুরি বিষয়ক একটি জরিপে একথা বলা হয়েছে। অনলাইন জবস সাইট ক্যারিয়ার কাস্ট ডট কম এ জরিপ চালায়। উন্নত প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতির চাহিদা বেড়ে যাওয়ায় এবং আইপড, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইস ব্যবহারের প্রবণতা বাড়ায় সফটওয়্যার প্রকৌশলীদের জন্য রয়েছে উন্নত চাকুরির সুযোগ। সফটওয়্যার প্রকৌশলীদের রয়েছে সামাজিক সম্মান এবং চাকুরিতে তাদের চাপ অনেক কম থাকে, শারীরিক পরিশ্রম করতে হয় কম। তাছাড়া বেতনও হয় ভালো। অন্যদিকে তেল কূপ বা গ্যাস পাইপলাইনের শ্রমিকদের চাকুরি সবচেয়ে বাজে বলে উঠে এসেছে ওই জনমত জরিপে। এ খাতের শ্রমিকদের কাজ খুবই ঝুকিপূর্ণ। গত এপ্রিলে মেক্সিকো উপসাগরে তেল কূপ বিস্ফোরণে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়। এ খাতের শ্রমিকরা কষ্টকর পরিস্থিতির মধ্যে দিনে ১২ ঘণ্টা কাজ করে। যুক্তরাষ্ট্রে এ বছর সবচেয়ে আকাঙ্খিত পাঁচটি পেশা হলো, গণিতবিদ, পরামর্শক, পরিসংখ্যানবিদ এবং কম্পিউটার ব্যবস্থার কর্মকর্তা-কর্মচারি। এ ধরনের পেশাজীবীরা নিচু শ্রেণীর পেশাজীবীদের চেয়ে দ্বিগুনেরও বেশি উপার্জন করেন। জরিপে এ বছরের সবচেয়ে কম আকাঙ্খিত পেশা হচ্ছে লোহা শিল্পের কর্মী, কাঠ চেরাই শ্রমিক, ছাদ ঢালাই শ্রমিক এবং ট্যাক্সি চালানো। বেতন, কাজের পরিবেশ, সামাজিক সম্মান, চাপ এবং শারীরিক পরিশ্রম নিয়ে ২০০ পেশাজীবীর মতামতের ভিত্তিতে ক্যারিয়ার কাস্ট এ জরিপ চালিয়েছে। এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস, আদমশুমারি (সেন্সাস) ব্যুরো এবং ট্রেড অ্যাসোসিয়েশন স্টাডিজ-এর তথ্য পর্যালোচনা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএইচ/১৫২২ ঘ.