২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি চরকে মুক্তি দিতে ওবামাকে অনুরোধ নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে কারাবন্দি ইসরায়েলি গুপ্তচর জনাথন পোলার্ডকে বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়ার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুরোধ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 06:43 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

জেরুজালেম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে কারাবন্দি ইসরায়েলি গুপ্তচর জনাথন পোলার্ডকে বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়ার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুরোধ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওবামাকে অনুরোধ জানিয়ে লেখা চিঠিটি মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্টে পড়ে শোনান নেতানিয়াহু। চিঠিতে নেতানিয়াহু লিখেছেন, "জনাব প্রেসিডেন্ট ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আমি আপনার কাছে জনাথন পোলার্ডকে বিশেষ ক্ষমা প্রদর্শনের জন্য অনুরোধ জানিয়ে লিখছি। জনাথন যখন গ্রেপ্তার হন তখন তিনি ইসরায়েল সরকারের চর হিসেবে কাজ করছিলেন।" "যদিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার কোনো পথ বা সুযোগ ইসরায়েলের নেই। কিন্তু ওই ঘটনাটি ছিল সম্পূর্ণতই ভুল এবং অগ্রহণযোগ্য। ইসরায়েল তার অঙ্গীকার সব সময়েই মেনে চলে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি আর কখনোই ঘটবে না।" চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে বিষয়টি পর্যালোচনা করা হবে বলে রয়টার্সকে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র টমি ভিটোর। পোলার্ড যুক্তরাষ্ট্র্রের নৌবাহিনীর সাবেক গোয়েন্দা বিশ্লেষক ছিলেন। ১৯৮৫ সালে তাকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৮৭ সালে তাকে যাবজ্জীবন কারাবাসের দণ্ড দেয় যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষাধিক গোপন নথি ইসরায়েলে পাচারের অভিযোগ আনা হয়। বিভিন্ন সময়ে নানা আনুষ্ঠানিকতায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বের কাছে পোলার্ডের বিষয়টি ইসরায়েলি নেতারা উত্থাপন করেছেন। এ নিয়ে নানা ধরনের কূটনৈতিক তৎপরতাও চালানো হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টই পোলার্ডের শাস্তি কমাতে সম্মত হননি। নেতানিয়াহু বলেন, "পোলার্ড ২৫ বছর ধরে কারা ভোগ করছেন। আমি বিশ্বাস করি, তাকে ক্ষমা করার নতুন এ অনুরোধের যথেষ্ট উপযোগিতা রয়েছে।" উল্লেখ্য, পোলার্ডকে গ্রেপ্তারের সময় ইসরায়েল তাকে একটি প্রান্তিক গোয়েন্দা সংস্থার কর্মী হিসেবে উল্লেখ করেছিলো। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে তাকে ইসরায়েলের নাগরিকত্ব দেওয়া হয়। ইসরায়েলি চর হিসেবে পোলার্ডের যুক্তরাষ্ট্রে কাজ করার বিষয়টি ১৯৯৮ সালে স্বীকার করে দেশটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/সিআর/১২৩৬ ঘ.