২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু স্থাপনা পরিদর্শনের আমন্ত্রণ জানালো ইরান

ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) দূতদের আমন্ত্রণ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

তেহরান, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) দূতদের আমন্ত্রণ জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপত্র রামিন মেহমানপারাস্ত জানান, যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে ছয় বিশ্বশক্তির কয়েকজন প্রতিনিধিও আছেন। তিনি বলেন, ইরান ও ছয় বিশ্বশক্তির- রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও বৃটেন মধ্যে অনুষ্ঠেয় ইস্তাম্বুুল বৈঠকের আগেই এই পরিদর্শন সম্পন্ন হবে। গতমাসে তেহরান ও ছয়বিশ্বশক্তির প্রতিনিধিদের মধ্যে জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে ইরান জানুয়ারির শেষ দিকে ইস্তাম্বুলে ওই বৈঠকে বসতে রাজি হয়। তার আগেই ইরান আইএইএ দূতদের এ আমন্ত্রণ জানালো। রামিন মেহমানপারাস্ত বলেন, পরমাণু স্থাপনা পরিদর্শনে রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানিয়ে ইরান আইএইএ-এর সঙ্গে সহযোগিতা এবং শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে আবারো নিজেদের সদিচ্ছার পরিচয় দিল। পশ্চিমাদের সন্দেহ ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। এ কারণে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার চেষ্টা করছে তারা। ইরান দাবি করেছে, বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার তাদের আছে এবং তারা পরমাণু বোমা তৈরী করছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯৩৩ ঘ.