ইসলামাবাদ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সোমবার ক্ষমতাসীন জোট সরকার টিকিয়ে রাখতে অনাস্থা ভোট এড়ানোর চেষ্টায় বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
রোববার জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ক্ষমতাসীন জোট ছেড়ে বিরোধী দলে যাওয়ার ঘোষণা দেওয়ায় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে গিলানির নেতৃত্বাধীন সরকার।
বিরোধীদলগুলো চাইলে এখন অনাস্থা ভোটের মুখে পড়তে পারে সরকার। আর তাহলে ক্ষমতা টিকিয়ে রাখা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। এ পরিস্থিতিতে বিরোধীদলগুলোর সমর্থন চেয়ে নেতাদের সঙ্গে বৈঠক করলেন গিলানি।
করাচির প্রভাবশালী রাজনৈতিক দল এমকিউএম এর আগে গত সপ্তাহে দলের দুই মন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে প্রত্যাহার করে নেয়।
জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সরকারের পরিকল্পনার বিরোধিতা করে সরকার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এমকিউএম। এ মূল্যবৃদ্ধি পাকিস্তানের জনগণের পক্ষে সহ্য করার মতো নয় বলে অভিযোগ করে তারা।
তাছাড়া নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটাতে সরকারের ব্যর্থতাও তাদের এ পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করেছে বলে জানায় দলটি।
বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24